মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৮ ডিসেম্বর
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নির্বাচন আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য আগামী ১৮ অক্টোবরের মধ্যে সদস্যদের বকেয়া ও অন্যান্য চাঁদা পরিশোধের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
নির্বাচনকে সামনে রেখে ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মুহাম্মদ এ হাফিজ কে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। বোর্ডের অন্য সদস্যরা হলেন- অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিতা পোদ্দার এবং সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানিয়া শারমিন।
এছাড়া, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. রেজাউল হক কে ৩ সদস্য বিশিষ্ট আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। আপিল বোর্ডের অন্য সদস্যরা হলেন, এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু নাইম মো. ইব্রাহিম এবং এনবিএল ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার।
জানা গেছে, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির মেয়াদ ২ বছর। নির্বাচন উপলক্ষে প্রাথমিক ভোটার তালিকা ২৮ অক্টোবর দুপুর ১২টায় অ্যাসোসিয়েশনের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রাথমিক ভোটার তালিকায় কোনো সংশোধনী থাকলে ৬ নভেম্বর বেলা ১১টার মধ্যে কমিটিকে জানাতে হবে। এরপর ৯ নভেম্বর দুপুর ২টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এদিকে, ১০ নভেম্বর সকাল ১০টা থেকে কার্যনির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র বিতরণ শুরু করবে বিএমবিএ। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় ১৮ নভেম্বর পর্যন্ত। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। কোনো প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করতে চাইলে ৩০ নভেম্বর পর্যন্ত সময় পাবে। এরপর ১৮ ডিসেম্বর নির্বাচন শেষে ওইদিনই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনের ফলাফলে আপত্তি থাকলে ২০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। পরবর্তীতে ২৩ ডিসেম্বর আপত্তি শুনানি শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
ঢাকা/এনএফ/সারা/ইভা