ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সঞ্চয়পত্র ইস্যু পরবর্তী সেবা দ্রুত দেওয়ার নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ২৩ জানুয়ারি ২০২৪  
সঞ্চয়পত্র ইস্যু পরবর্তী সেবা দ্রুত দেওয়ার নির্দেশ

সঞ্চয় স্কিমের অর্জিত মুনাফা থেকে উৎসে কর কর্তনের সনদপত্র প্রদানের ক্ষেত্রে বিনিয়োগকারীদেরকে হয়রানি করা হচ্ছে। পাশাপাশি বিধিমালা অনুযায়ী উপযুক্ত ব্যক্তির কাছে সঞ্চয়পত্র বিক্রয় না করার অভিযোগ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এমন পরিস্থিতির মধ্যে সঞ্চয়পত্র ইস্যু পরবর্তী বিভিন্ন সেবা প্রদান দ্রুত সময়ের মধ্যে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি দেশের শরীআহ্ ভিত্তিক ব্যাংকগুলো ছাড়া সব ব্যাংকে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সঞ্চয় স্কিমের অর্জিত মুনাফা থেকে উৎসে কর কর্তনের সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে বিনিয়োগকারীদেরকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া উৎসে কর কর্তনের সনদপত্র প্রদানের ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে চার্জ গ্রহণ করা হয়। পাশাপাশি সঞ্চয়পত্র ইস্যু পরবর্তী সেবা যেমন- বিনিয়োগকারীর মোবাইল নম্বর সংশোধন বা পরিবর্তন, ব্যাংক হিসাব সংশোধন, ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু, উৎসে কর কর্তনের সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে বিলম্ব করা সহ বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে।

পেনশনার সঞ্চয়পত্রের বিধিমালা অনুযায়ী, উপযুক্ত ব্যক্তির কাছে সঞ্চয়পত্র বিক্রয় না করা এবং অনুপযুক্ত ব্যক্তির কাছে সঞ্চয়পত্র বিক্রয় করার অভিযোগও পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এমন পরিস্থিতির মধ্যে সঞ্চয়পত্র ইস্যু পরবর্তী বিভিন্ন সেবা প্রদান যেমন- বিনিয়োগকারীর মোবাইল নম্বর সংশোধন বা পরিবর্তন, ব্যাংক হিসাব সংশোধন, ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু, উৎসে কর কর্তনের সার্টিফিকেট প্রদান ইত্যাদি ক্ষেত্রে এ বিভাগের ২০ জুলাই ২০২২ এর নির্দেশনা অনুসরণ করতে হবে।

কোন চার্জ গ্রহণ ব্যতিরেকে বিনিয়োগকারীদেরকে সঞ্চয় স্কিমের অর্জিত মুনাফা হতে উৎসে কর কর্তনের সার্টিফিকেট দ্রুততম সময়ে প্রদান করতে হবে। পাশাপাশি পেনশনার সঞ্চয়পত্র ইস্যু করার ক্ষেত্রে পেনশনার সঞ্চয়পত্র নীতিমালা, ২০০৪ (সংশোধিত-২০১৫) এবং ডিএমডি সার্কুলার লেটার নং-০৬/২০২১, তারিখ: ১৫ নভেম্বর ২০২১ এর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে বলেও জানিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

এর আগে ২০২২ সালে এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায়, সঞ্চয়পত্র ক্রয়ের জন্য গ্রাহকের আবেদন ইস্যু অফিসের মাধ্যমে গ্রহণের পর এক কর্মদিবসের মধ্যেই ক্রেতার দাখিল করা চেক ক্লিয়ারিংয়ের এর জন্য উপস্থাপন করতে হবে। চেক নিকাশ হওয়ার তারিখেই গ্রাহকের অনুকূলে সংশ্লিষ্ট ইন্সট্রুমেন্ট ইস্যু করতে হবে। এছাড়া গ্রাহকের মধ্যমে ডেবিট অথরিটির মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয়ের জন্য আবেদন করা হলে গ্রাহকের হিসাব বিকলন বা ডেবিট করার তারিখেই গ্রাহকের অনুকূলে সংশ্লিষ্ট ইন্সট্রুমেন্ট ইস্যু করতে হবে।

আরও বলা হয়, জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বিক্রয় করা সঞ্চয়পত্রের মুনাফা ও মেয়াদপর্তিতে আসল অর্থ প্রদেয় হওয়ার তারিখেই ইন্টিমেশন প্রদান নিশ্চিত করতে হবে। গ্রাহকের সঞ্চয়পত্র ক্রয় পরবর্তী যে কোন আবেদন যেমন- নমিনি পরিবর্তন, হিসাব নম্বর পরিবর্তন, মোবাইল নাম্বার পরিবর্তন, ইএফটি সংক্রান্ত সমস্যা গ্রহণের তারিখ হতে সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এনএফ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়