ঢাকা     বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৩ ১৪৩২ || ৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৫৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর

মো. মোস্তাকুর রহমান।

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন পোশাক খাতের ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমান।

চার বছর মেয়াদে তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরো পড়ুন:

মোস্তাকুর রহমান গভর্নর পদে আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হচ্ছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নম্বর ১২৭, ১৯৭২ এর ১০(৫) অনুযায়ী মোস্তাকুর রহমানকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে ৪ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে উল্লেখ করে প্রজ্ঞাপনে আরো বলা হয়, মোস্তাকুর রহমান গভর্নর পদে নিয়োজিত থাকাকালীন সরকারের সাথে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক হতে গ্রহণ করবেন। এ নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

মোস্তাকুর রহমান একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ)। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে এ সেক্টরে কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষণ বিভাগ থেকে বি.কম (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

মোস্তাকুর রহমান বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ (রিহ্যাব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ (এটিএবি) এবং ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ (ডিসিসিআই) বিভিন্ন পেশাদার ও শিল্প সংগঠনের কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছিলেন আহসার এইচ মনসুর।

মোস্তাকুর রহমানের পরিচয় ও যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা : কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) : ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে ১৯৯২ সালে উত্তীর্ণ।

এম. কম (অ্যাকাউন্টিং) : ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯৮৮।

বি. কম সম্মান (অ্যাকাউন্টিং) : ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯৮৭।

বর্তমান পদবি
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)
হেরা সোয়েটার্স লিমিটেড, বাংলাদেশ (একটি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান)।

প্রধান দক্ষতা ও অভিজ্ঞতা
আর্থিক সুশাসন: ব্যাংকিং, শিল্প অর্থায়ন এবং রপ্তানি অর্থ ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

প্রাতিষ্ঠানিক নেতৃত্ব: ম্যানুফ্যাকচারিং, রিয়েল এস্টেট এবং কৃষি-ভিত্তিক শিল্পে দীর্ঘ ৩০ বছরেরও বেশি নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা।

নিয়ন্ত্রক সংস্থা ও নীতি নির্ধারণ: বাংলাদেশ ব্যাংক এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মতো নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা।

প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক ভূমিকা
চেয়ারম্যান: বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্থায়ী কমিটি, বিজিএমইএ
সাবেক বোর্ড সদস্য: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (১৯৯৮-২০০০)।

ফেলো মেম্বার: ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।

সদস্য: বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ; রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (এটিএবি) ; ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

পেশাগত জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও দাতব্য কর্মকাণ্ডে সক্রিয়। এর মধ্যে উল্লেখযোগ্য: দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের জন্য ‘প্যালিয়েটিভ কেয়ার’ সহায়তা; সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম; অসহায় মানুষের জন্য চিকিৎসা সহায়তা কর্মসূচি।

ঢাকা/নাজমুল/তানিম/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়