ঢাকা     শনিবার   ২৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১২ ১৪৩৩ || ৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১ হাজার ৯১৮ কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ২৫ এপ্রিল ২০২৬  
পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১ হাজার ৯১৮ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (১৯ থেকে ২৩ এপ্রিল, ২০২৬) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ সময়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। তবে বিদায়ী সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৩১ কোটি টাকা।

‎শনিবার (২৫ এপ্রিল) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৯৮.৫৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১.২৪ শতাংশ বেড়ে ২ হাজার ১৪.৯৪ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ০.০২ শতাংশ বেড়ে ১ হাজার ৬৬.৬৫ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক (এসএমই ইনডেক্স) ৩.১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১৮.৪১ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৫৫০ কোটি ১৮ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৫ হাজার ৬৩১ কোটি ৫৮ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯১৮ কোটি ৬০ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৪ হাজার ৫১৪ কোটি ২৩ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ২৭৩ কোটি ১৬ লাখ টাকার। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ২৪১ কোটি ৬ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৪টির, দর কমেছে ১৬৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৮টির। তবে লেনদেন হয়নি ২২টির।

এদিকে, অপর পুঁজিবাজার সিএসইতে বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ০.৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৩১.৭২ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ০.৬৬৬ শতাংশ বেড়ে ১৩ হাজার ৬২.০৯ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ০.৫৭ শতাংশ বেড়ে ৯ হাজার ৯২.৮০ পয়েন্টে, সিএসআই সূচক ০.০৮ শতাংশ কমে ৮৯৭.০৬ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ১.২১ শতাংশ বেড়ে ২ হাজার ২১৭.৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১৪৭ কোটি ৭৩ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৪৯ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১ কোটি ৯৯ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩১০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, দর কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ার ও ইউনিট দর।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়