দুই দিনে ১৮৫ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
দেশের বিভিন্ন ব্যাংক থেকে মঙ্গলবার (১৯ মে) নিলামের মাধ্যমে ৮৫ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার কিনেছিল ১০০ মিলিয়ন ডলার।
মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে আজ পর্যন্ত সাড়ে দশ মাসে মোট ৬ হাজার ৬৮.৫০ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। শুধু মে মাসে কিনেছে ৩৯৫ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার দেশের ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৮৫ মিলিয়ন ডলার কিনেছে। নিলামে প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৭৫ পয়সা পর্যন্ত। এই দামেই ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রপ্তানি আয়ের প্রবাহ বাড়ায় ডলারের বাজারে স্থিতিশীলতা এসেছে। দেশের ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বেড়েছে, চাহিদা কমেছে। এ কারণে ডলারের দাম কমার আশঙ্কা রয়েছে।
ডলারের দাম কমে গেলে রপ্তানিকারকরা একদিকে সমস্যায় পড়বেন, অপরদিকে বৈধ পথে রেমিট্যান্স আসা কমে যাবে। তাই, ডলারের বাজারের স্থিতিশীলতা রক্ষায় ডলার কেনার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক, যা খুবই সময়োপযোগী সিদ্ধান্ত। এতে ডলারের বাজার স্থিতিশীল থাকবে ও চাহিদার ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিয়মিত বাজার থেকে ডলার কেনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে তা যোগ হচ্ছে, বাড়ছে রিজার্ভ।
গত বছরের ১৫ মে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনার পর ডলারের বিনিময় হার নির্ধারণে নতুন পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। তখন থেকে ব্যাংক ও গ্রাহক নিজেরাই ডলারের দর নির্ধারণ করছেন।
ঢাকা/নাজমুল/রফিক