আরবি টেক্সটাইল-বাংলাদেশ প্ল্যান্টেশন কোম্পানি তালিকাচ্যুত হচ্ছে
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
পুঁজিবাজারে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি আরবি টেক্সটাইল লিমিটেড ও বাংলাদেশ প্ল্যান্টেশন লিমিটেডকে তালিকাচ্যুত করার সিদ্ধান্ত অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সাধারণ শেয়ারহোল্ডারদের কাছ থেকে শেয়ার বাইব্যাক সম্পন্ন করে কোম্পানি দুটি পুঁজিবাজার থেকে বেরিয়ে যাবে। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) নির্দেশ দিয়েছে কমিশন।
বিএসইসি সূত্র জানায়, দুই কোম্পানির এক্সিট প্ল্যান ও সংশ্লিষ্ট আবেদন পর্যালোচনার পর কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স ডিভিশন থেকে এ বিষয়ে একটি নির্দেশনা স্টক এক্সচেঞ্জের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আরবি টেক্সটাইলের বিষয়ে বিএসইসির সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে, কোম্পানির আবেদন ও ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির সুপারিশের প্রেক্ষিতে ০.৩২ শতাংশ শেয়ারের ধারণকারীদের হতে অফার গ্রহণের চিঠি না পাওয়ায় কমিশনের ২০২০ সালের ২৮ ডিসেম্বর জারি করা ডাইরেকটিভের নির্দেশনা ১৬ এর অধীনে একই ডাইরেকটিভের নির্দেশনা ১০(৪) হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। সেই সঙ্গে কোম্পানির এক্সিট প্ল্যান সমাপ্তির বিষয়ে চূড়ান্ত ঘোষণা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স ডিভিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়।
অন্যদিকে, বাংলাদেশ প্ল্যান্টেশনের বিষয়ে বিএসইসির সিদ্ধানে উল্লেখ করা হয়েছে, কোম্পানির ৭৯.৭৬ শতাংশ শেয়ার অফারের মাধ্যমে একটি পক্ষ কিনে নিচ্ছে। সেই পক্ষ ব্যতিত অন্যান্য শেয়ারহোল্ডারদের নিকট অবশিষ্ট শেয়ার অধিগ্রহণের জন্য সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জ পরিচালিত ব্যাংক হিসেবে পর্যাপ্ত অর্থ জমা থাকায় উক্ত এক্সিট প্ল্যান সফলভাবে প্রতীয়মান হয়েছে। তাই প্রতিষ্ঠানটির আবেদন ও ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির সুপারিশের প্রেক্ষিতে কমিশনের ২০২০ সালের ২৮ ডিসেম্বর জারি করা ডাইরেকটিভের নির্দেশনা ১৬ এর অধীনে একই ডাইরেকটিভের নির্দেশনা ১০(৪) হতে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে কোম্পানির এক্সিট প্ল্যান সমাপ্তির বিষয়ে চূড়ান্ত ঘোষণা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স ডিভিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়।
জানা গেছে, দীর্ঘ সময় ধরে উৎপাদন বন্ধ ও অস্বিত্বহীনতার কারণে ওটিসি মার্কেট থেকে বের হয়ে যেতে দরকারি কাগজপত্রসহ বিএসইসিতে আবেদন করে আরবি টেক্সটাইল লিমিটেড ও বাংলাদেশ প্ল্যান্টেশন লিমিটেড। ওই আবেদনের সঙ্গে আবেদনের সঙ্গে একটি পুনর্মূল্যায়ন প্রতিবেদন বিএসইসিতে জমা দিয়েছিল কোম্পানি দুইটি। এই পুনর্মূল্যায়ন প্রতিবেদন ঠিক আছে কিনা তা যাচাই করতে নিরীক্ষক দিয়ে খতিয়ে দেখতে ডিএসইকে নির্দেশ দিয়েছিল বিএসইসি। পুনর্মূল্যায়ন প্রতিবেদন যাচাই-বাছাই সাপেক্ষে আরবি টেক্সটাইল লিমিটেড ও বাংলাদেশ প্ল্যান্টেশন লিমিটেডকে তালিকাচ্যুত করার সিদ্ধান্ত অনুমোদন করেছে বিএসইসি।
বাংলাদেশের পুঁজিবাজারের অকার্যকর ওটিসি মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে বিএসইসি এই নির্দেশনা দেয়। এর ফলে ওটিসি মার্কেট তালিকাভুক্ত কোম্পানিগুলোকে স্মলক্যাপ প্ল্যাটফর্ম বা এসএমই বোর্ড, অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) স্থানান্তর করা হয়। এর বাইরে অবশিষ্ট কোম্পানিগুলোকে তালিকাচ্যুত করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে বিএসইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, “কোম্পানি দুইটির আবেদন ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সুপারিশের ভিত্তিতে এক্সিট প্ল্যান সমাপ্তির বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বিএসইসি। এখন কোম্পানি দুইটি তালিকাচ্যুত হতে বাধা নেই।”
ঢাকা/এনটি/এসবি