ঢাবি ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম চালুর দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ দাবি করেছেন শিক্ষার্থীরা।
রোববার (২৭ ফেব্রুয়ারি) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ দাবি করেন এইচএসসি পাস শিক্ষার্থীরা।
এর আগে সকালে নীলক্ষেত মোড়ে অবরোধ শেষে দুপুর সাড়ে ১২টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এদিকে, আগামী ১২ মার্চের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেকেন্ড টাইম রাখার বিষয়ে স্পষ্ট ঘোষণা না দিলে ১৩ মার্চ শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
আন্দোলনের সমন্বয়ক মহিদুল ইসলাম দাউদ বলেন, আগামী ১২ মার্চের মধ্যে সিনেট-সিন্ডিকেট-ভর্তি কমিটি ও একাডেমিক কাউন্সিলের সাথে বসে আলোচনা করে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার ঘোষণা নোটিশের মাধ্যমে না দেয় তাহলে ১৩ মার্চ শাহবাগ মোড়ে অবরোধ করা হবে।
শিক্ষার্থীরা বলেন, আমাদের কোনো দাবি বিশ্ববিদ্যালয়গুলো মেনে নেয়নি। আমরা চাই আমাদের আরেকবার সুযোগ দেওয়া হোক। ইউজিসি, শিক্ষামন্ত্রী এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক আমাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে। এটা আমাদের অধিকার।
তাদের দাবি, পৃথিবীর অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর ও মেডিক্যালে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। তাহলে অন্য বিশ্ববিদ্যালয়গুলো কেন থাকবে না? অতি দ্রুত আমাদের দাবি মেনে নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।
/ইয়ামিন/এসবি/