ঢাকা     বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৬ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এবারো প্রেজেন্টার প্রিয়াঙ্কা

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৩, ১৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবারো প্রেজেন্টার প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশাপাশি এখন হলিউডেও পরিচিত মুখ তিনি। ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজ ও হলিউডের তার প্রথম সিনেমা বেওয়াচ তাকে এনে দিয়েছে বিশেষ খ্যাতি। হলিউডের নামি-দামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এখন নিয়মিত মুখ তিনি।

গত বছর টেলিভিশনের অস্কার হিসেবে পরিচিত অ্যামি অ্যাওয়ার্ডের ৬৮তম আসরে প্রথমবারের মতো লাল গালিচায় হাঁটেন বলিউডের এই অভিনেত্রী। অনুষ্ঠানে জেসন উয়ের তৈরি লাল রঙের একটি গাউন পরেছিলেন তিনি। পাশাপাশি পায়ে ছিল ব্রায়ান অ্যাটউডের তৈরি হিল। এই পোশাকে সবার নজর কেড়েছিলেন। অ্যামিতে প্রেজেন্টার হিসেবে টম হিডেলস্টোনের সঙ্গে সুজান বিয়েরের হাতে সেরা পরিচালকের (মিনি সিরিজ অথবা মুভি) পুরস্কার তুলে দেন প্রিয়াঙ্কা। এর আগে প্রেজেন্টার হিসেবে অস্কারে উপস্থিত হয়েছিলেন এ অভিনেত্রী।  

অ্যামির ৬৯তম আসরেও উপস্থিত থাকবেন প্রিয়াঙ্কা। রিজ উইদারস্পুন, নিকল কিডম্যান, অ্যাডাম স্কট, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, লিলি টমলিন, সেথ মেয়ার্সের মতো হলিউড তারকাদের সঙ্গে দেখা যাবে তাকে। এবারো প্রেজেন্টারের দায়িত্বে থাকবেন বলিউডের দেশি গার্ল। দ্বিতীয়বারের মতো অ্যামির আসরে এ দায়িত্বে দেখা যাবে তাকে। 

আগামী ১৭ সেপ্টেম্বর, রোববার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে বসছে ৬৯তম আসর। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন ইয়ান আর্মিটেজ, ক্রিস হার্ডউইক, কেইটলিন ওলসন, জেরেমি পিভেন, ক্রেইগ রবিনসন, জিনা রদ্রিগেজ, আনিকা ননি রোজ প্রমুখ।

 


রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৭/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়