ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লাইফ সাপোর্টে এটিএম শামসুজ্জামান

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ৩০ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লাইফ সাপোর্টে এটিএম শামসুজ্জামান

বিনোদন প্রতিবেদক : বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রাজধানীর আজগর আলী হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আজ সন্ধ্যার দিকে রাইজিংবিডিকে এটিএম শামসুজ্জামানের ছোট ভাই শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক সালেহ জামান সেলিম জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল রাতে এটিএম শামসুজ্জামানকে আইসিইউতে নেন চিকিৎসকরা। অবস্থার আরো অবনতি হওয়ায় আজ দুপুর ৩টার দিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।’ বরেণ্য এই অভিনেতার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি। 

গত ২৬ এপ্রিল রাত ১২টার দিকে অসুস্থবোধ করায় এটিএম শামসুজ্জামানকে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হঠাৎ করেই তার রেচন প্রক্রিয়ায় জটিলতা দেখা দেয়। শনিবার তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। রোববার সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল।

এটিএম শামসুজ্জামান পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক। ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি। প্রথম কাহিনি ও চিত্রনাট্য লিখেন ‘জলছবি’ চলচ্চিত্রের জন্য। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন। প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন। অভিনেতা হিসেবে চলচ্চিত্র পর্দায় তার আগমন ১৯৬৫ সালে। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৯/রাহাত/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়