ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফজলুর রহমান বাবুর সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা!

প্রকাশিত: ১১:১৪, ১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফজলুর রহমান বাবুর সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা!

তপ্ত রোদে সবাই যখন একটু ছায়ার জন্য হাঁসফাঁস করছে, ঠিক তখন ফার্মেগেটের গ্রীন রোডে একটি জটলা দেখা যায়। সেখানে কয়েকজন বখাটে মোটর সাইকেল চালক, পথচারী ফজলুর রহমান বাবু পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা করছেন। তবে এটা বাস্তবে নয়, ‘ব্লাইন্ড রোড’ নামে জনসচেতনতামূলক বিজ্ঞাপন বা প্রচারণামূলক ভিডিওতে এমন দৃশ্য দেখা যাবে।

এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা বোরহান খান। এই বিজ্ঞাপনের প্রধান চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশের অনেকেই বর্তমানে ব্লাইন্ড রোড কী সেটা জানেন না। বিজ্ঞাপনটি দেখলে সেই বিষয় সম্পর্কে জানতে পারবেন। গল্পে আমার চরিত্র একজন পথচারীর।’

বিজ্ঞাপনে আরো অভিনয় করেছেন চলচ্চিত্র অভিনেত্রী ক্যামেলিয়া রাঙ্গা। তিনি বলেন, ‘‘এর আগে বাবু ভাইয়ের সঙ্গে ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’ সিনেমায় অভিনয় করেছি। দীর্ঘদিন পর আবারো তার সঙ্গে কাজ করলাম। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’’

পরিচালক বোরহান খান বলেন, ‘ফুটপাথের মাঝ বরাবর অল্প উঁচু-নিচু বিশেষ একটি অংশেকে বলা হয় ব্লাইন্ড রোড। যা আমাদের দেশের অনেকেরই অজানা। সেই অজানাকে জানানো এবং সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ব্যাপার তুলে ধরা হয়েছে এই বিজ্ঞাপনে। আশা করছি, মানুষ এতে সচেতন হবেন।’

এতে আরো অভিনয় করেছেন পুলিশ সার্জেন্ট দ্বীন ইসলাম ও দুর্জয় মামুন। এছাড়া এর মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয়েছে শিশুশিল্পী আরিয়ানা আরিফিনের। পাশাপাশি বিজ্ঞাপনটিতে আরো কিছু চমক রয়েছে, যা মুক্তির পর দর্শক দেখতে পাবেন বলেও জানান নির্মাতা।


ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়