বলিউডের শানের সঙ্গে নুসরাত
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শান। হিন্দি-বাংলা দুই ভাষার গান গেয়েই পেয়েছেন শ্রোতাপ্রিয়তা। ওপার বাংলার পাশাপাশি ঢাকাই চলচ্চিত্রেও প্লেব্যাক করেছেন। দেশের ভক্তদের কাছে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।
এবার নতুন একটি গানে কণ্ঠ দিলেন শান। ‘কেন মন হারালো’ শিরোনামে গানটি যৌথভাবে গেয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী সনিয়া নুসরাত। রাজিব দত্তের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ডাব্বু। ভারতে গানটির অডিওর কাজ শেষ হয়েছে।
এ গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। স্বরাজ দেব পরিচালিত এ গানে মডেল হয়েছেন ইরফান সাজ্জাদ ও সনিয়া নুসরাত। কণ্ঠশিল্পী সোনিয়া নুসরাত বলেন, ‘আমার খুব পছন্দের একজন কণ্ঠশিল্পী শান। তার গায়কির স্বভাবসূলভ মেলেডির পুরোটাই পাওয়া গেছে এ গানে। আমিও আমার সাধ্যমতো গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি, গানটি ভালো লাগবে।’
আগামী ৫ ফেব্রুয়ারি, ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইবে।
ঢাকা/রাহাত সাইফুল/শান্ত
রাইজিংবিডি.কম