ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনয় ছেড়ে ভিন্ন পেশায় তনুশ্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ৮ নভেম্বর ২০২০   আপডেট: ১১:১৭, ৮ নভেম্বর ২০২০
অভিনয় ছেড়ে ভিন্ন পেশায় তনুশ্রী

বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। এক সময় রুপালি পর্দায় ঝড় তুললেও এখন লাইট, ক্যামেরা, অ্যাকশনের এই জগত থেকে দূরে রয়েছেন। কিছুদিন আগে অভিনয়ে ফেরার ঘোষণা দিলেও এখন ভিন্ন পেশায় যোগ দেওয়ার পরিকল্পনা করছেন তিনি।

এক সাক্ষাৎকারে  এ প্রসঙ্গে তনুশ্রী দত্ত বলেন, ‘আমি বলিউডের এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত। এখানে শুধু খারাপ মানুষদের দোষ ঢাকা হয় তা নয়, খুব জলদি তারা সহযোগিতাও পান। অন্যদিকে, আমি জীবন সংগ্রাম করে চলেছি। এখন আমার লড়াই করার কোনো সময় নেই। করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে সকল অনুষ্ঠান বন্ধ। তাই আমাকে আইটি (ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি) সেক্টরে চাকরির জন্য ট্রেনিং নিতে হচ্ছে। করোনামুক্ত স্থান ছেড়ে আমাকে কোভিড-১৯ আক্রান্ত লস অ্যাঞ্জেলেসে পাড়ি দিতে হয়েছে। খুব তাড়াতাড়ি আইটি সেক্টরে ৯ থেকে ৫ পর্যন্ত চাকরি শুরু করব।’

আরো পড়ুন:

এর আগে ‘আশিক বানায়া আপনে’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী জানান, বলিউডে ফেরার প্রস্তুতি শুরু করেছেন তিনি। শারীরিক গড়ন ঠিক করতে উঠেপড়ে লেগেছেন। এজন্য শারীরিক কসরত করছেন। শুধু তাই নয়, নাচের ক্লাসে যাচ্ছেন, সাঁতার, যোগব্যায়াম এবং সাইক্লিং করছেন। এছাড়া নিয়মিত মেডিটেশনও নাকি করছিলেন এই অভিনেত্রী।

সাবেক মিস ইন্ডিয়া তনুশ্রীর সর্বশেষ বলিউড সিনেমা ‘অ্যাপার্টমেন্ট’। ২০১০ সালে এটি মুক্তি পায়। এরপর বেশ কিছুদিন আলোচনার বাইরে ছিলেন তিনি। তবে ২০১৮ সালে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে ফের আলোচনায় আসেন। তার এই অভিযোগের পরই বলিউডে ‘মি টু’ আন্দোলন জোরাল হয়। অনেকেই বলিউডে তাদের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরতে শুরু করেন।

তনুশ্রী অভিযোগ করেন, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার একটি গানে নানা পাটেকর তার সঙ্গে খারাপ আচরণ করেছেন। এতে তিনি এতটাই অস্বস্তিবোধ করেছিলেন যে গানটি থেকে তাকে বেরিয়ে যেতে হয়। যদিও এ অভিযোগ অস্বীকার করেন নানা পাটেকর।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়