ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মধ্যরাতে কলেজ ক্যাম্পাসে আমির-অরিজিৎ, অন্তর্জালে বিতর্ক

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৪৪, ৮ ফেব্রুয়ারি ২০২৬
মধ্যরাতে কলেজ ক্যাম্পাসে আমির-অরিজিৎ, অন্তর্জালে বিতর্ক

অরিজিতের স্কুটির পেছনে বসা আমির খান (ডানে)

বলিউড অভিনেতা আমির খানকে স্কুটির পিছনে বসিয়ে রাতের অন্ধকারে মুর্শিদাবাদের একটি কলেজে যান সংগীতশিল্পী অরিজিৎ সিং। এ মুহূর্তের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ। বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়; তৈরি হয়েছে বিতর্ক।  

গত ৬ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৫ ও ২৬ সেকেন্ড দৈর্ঘের দুটি ভিডিও ক্লিপ পোস্ট করেন রানি ধন্যা কুমারী কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী। এ ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “গত ৪ ফেব্রুয়ারি রাত ১টা ৫ মিনিটে গোটা দশেক মোটরবাইক নিয়ে কলেজে ঢুকছে জনা কুড়ি মানুষ। তার মধ্যে দুজন ভারত বিখ্যাত মানুষ ছিলেন। একজন জিয়াগঞ্জের ভূমিপুত্র গায়ক অরিজিৎ সিং, অন্যজন অভিনেতা আমির খান।” 

আরো পড়ুন:

প্রশ্ন ছুড়ে দিয়ে অধ্যক্ষ লেখেন, “এত রাতে এভাবে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কোনো কথা না বলে (অনুমতি দূরের কথা) এরা এখানে সামাজিক বা ব্যক্তিগত কাজে নিশ্চিত আসেননি। বাণিজ্যিক উদ্দেশে এসেছিলেন এবং কলেজকে বিনা অনুমতিতে ব্যবহার করেছেন। বিখ্যাত মানুষ বলেই কি তারা সব করতে পারেন? সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কী এতটাই অবজ্ঞা করার মতো বিষয়?” 

সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করার পর কমেন্ট বক্স মন্তব্যে ভরে যেতে শুরু করে। সেই সঙ্গে বিভিন্ন মহল থেকে হুমকি ফোন পাওয়ার অভিযোগ করেছেন অধ্যক্ষ। শেষ পর্যন্ত কলেজ ও জিয়াগঞ্জের সম্মান রক্ষার্থে অধ্যক্ষ তার পোস্ট ডিলিট করে দিতে বাধ্য হন। 

কলেজ সূত্রে জানা যায়, রানি ধন্যা কুমারী কলেজের ভেতরে একটি ব্যাডমিন্টন কোর্ট রয়েছে। কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে স্থানীয় একটি ক্লাবের সদস্যরা খেলার জন্য কোর্ট ব্যবহার করেন। এমন একজন সদস্য ওই রাতে ফোন করে কলেজের নৈশ প্রহরীকে কলেজের গেট খুলে দেওয়ার কথা বলেন। তখন রাত প্রায় ১২টা ৫৬ মিনিট। গেট খোলার সময়ে কলেজ অধ্যক্ষ বিষয়টি জানেন কি না নৈশ প্রহরী জিজ্ঞাসাও করেছিলেন। তার উত্তরে অনুমতি নেওয়ার কথা জানান তিনি।

এরপর নৈশ প্রহরী কলেজের গেট খুলে দিতেই প্রায় ১০টি মোটরবাইকে ২০ জন মানুষ ভেতরে প্রবেশ করেন। তার মধ্যে স্কুটির পিছনের আসনে আমির খানকে বসিয়ে চালিয়ে আসেন অরিজিৎ সিং। প্রায় এক ঘন্টা ২০ মিনিট কলেজের ভেতরে তারা অবস্থান করেন, তারপর বেরিয়ে যান। ঘড়িতে তখন রাত ২টা ২০ মিনিট।

কলেজ সূত্রের খবর, গেট খুলে দেওয়ার পরে ওই নৈশ প্রহরীকেও ঘটনাস্থল থেকে চলে যেতে বলেন তারা। ফলে ব্যাডমিন্টন খেলছেন না কি শুটিং করেছেন, সে ব্যাপারে অন্ধকারে কলেজ কর্তৃপক্ষ। কারণ যেখানে ব্যাডমিন্টন কোর্ট রয়েছে, সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। 

কলেজ অধ্যক্ষ অজয় অধিকারী বলেন, “গত ৪ ফেব্রুয়ারি গভীর রাতে সদলবলে আমির খান ও অরিজিৎ সিং কলেজে ঢুকেছিলেন। আমি পরের দিন ঘটনাটি জানতে পারি। ৬ ফেব্রুয়ারি সিসি ক্যামেরার ফুটেজ দেখি। তাদের কলেজে আসা নিয়ে আমার কোনো আপত্তি নেই। তারা আসতেই পারেন। তারা পৃথিবী বিখ্যাত দুজন মানুষ। তারা আমারও প্ৰিয় শিল্পী।”  

ফেসবুকে ভিডিও পোস্ট করার কারণ ব্যাখ্যা করে অধ্যক্ষ বলেন, “ফেসবুকে আমি পোস্ট করেছিলাম নৈতিক ও শৃঙ্খলার জায়গা থেকে। সেটা না বোঝার কারণে আমার সমালোচনা করা হয়েছে। আমি যে কারণে পোস্ট করেছিলাম, সেটা গুরুত্ব পায়নি। ফলে বিব্রতবোধ থেকে এবং কলেজ ও জিয়াগঞ্জের সম্মান রক্ষার্থে পোস্ট মুছে দিই। আর এ নিয়ে নতুন করে বিতর্ক হোক, সেটাও চাইছি না। নৈতিক ও শৃঙ্খলার জায়গা থেকে একটা কলেজে কতটুকু করা যায়, তা মানুষের সামনে তুলে ধরতে চেয়েছিলাম। এ ছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না।” 

কয়েক দিন আগে অরিজিৎ সিং ঘোষণা দিয়েছেন, সিনেমায় আর প্লে ব্যাক করবেন না। এ ঘোষণার পর অর্থাৎ গত ২ ফেব্রুয়ারি দুপুরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে অবস্থিত অরিজিৎ সিংয়ের বাড়িতে যান আমির খান। এই সফরে অরিজেতর সঙ্গে সময় কাটান ‘পিকে’ তারকা।

ঢাকা/সুচরিতা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়