শিল্পাঞ্চলে ১০ ফেব্রুয়ারির ছুটি পরবর্তীতে সমন্বয় করা যাবে
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য নির্ধারিত আগামী ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটি পরবর্তী সময়ে সমন্বয় করা যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুবিধাজনক কোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে কর্মদিবস হিসেবে ঘোষণা করতে পারবে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার নির্বাহী আদেশে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি বহাল রাখে। তবে ওই বিশেষ ছুটি ভোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিল্পাঞ্চলের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ১০ ফেব্রুয়ারির পর সুবিধাজনক যে কোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে কর্মদিবস হিসেবে নির্ধারণ করতে পারবে এমন বিধান রাখা হয়েছে প্রজ্ঞাপনে।
উল্লেখ্য, পোশাক খাতের মালিকদের সংগঠন বিজিএমইএ-এর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদ এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় আজ আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হলো।
ঢাকা/এএএম//