ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় বিএনপির নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগ

বগুড়া প্রতিনি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ৮ ফেব্রুয়ারি ২০২৬  
বগুড়ায় বিএনপির নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগ

বগুড়ায় বিএনপির নির্বাচনি কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়।

বগুড়ার শেরপুর উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজের নির্বাচনি প্রচার কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের কালসীমাটি গ্রামের কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালসীমাটি গ্রামের ৫নং ওয়ার্ডের (৪ ও ৫ নং ওয়ার্ডের সম্মিলিত) নির্বাচনি কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। 

আরো পড়ুন:

অফিসের সামনের চা দোকানদার মিন্টু মিয়া জানান, রাত ২টা পর্যন্ত তিনি দোকানে ছিলেন। তখনো অফিসের ভেতরে লাইট জ্বলছিল। রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে কোনো এক সময় অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। 

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন এবং শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী। 

ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজার রহমান দুলাল দাবি করেন, শনিবার স্থানীয় বিদ্যালয় মাঠে ধানের শীষের বিশাল পথসভা হয়। সেখানে বিপুল জনসমাগম দেখে প্রতিপক্ষ রাজনৈতিক দল ঈর্ষান্বিত হয়ে এই কাণ্ড ঘটিয়েছে। তিনি বলেন, পথসভার সময় থেকে তারা মোটরসাইকেল নিয়ে উস্কানিমূলক মহড়া দিচ্ছিল। নির্বাচন বানচাল ও নিশ্চিত পরাজয় জেনে তারা এই অপতৎপরতা চালাচ্ছে। 

যদিও প্রতিপক্ষ হিসেবে তিনি কারো নাম উল্লেখ করেননি। 

উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, জনসাধারণের জোয়ার দেখে ভয় পেয়ে একটি পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেরপুর থানার ওসি ইব্রাহিম আলী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

ঢাকা/এনাম/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়