ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কবে আসছে অজয়ের ‘দৃশ্যম থ্রি’?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ২৩ জুন ২০২৫   আপডেট: ১৩:০৭, ২৩ জুন ২০২৫
কবে আসছে অজয়ের ‘দৃশ্যম থ্রি’?

‘দৃশ্যম টু’ সিনেমার দৃশ্য

মালায়ালাম ভাষার বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘দৃশ্যম’। জিতু জোসেফ পরিচালিত এ সিরিজের প্রথম পার্ট মুক্তি পায় ২০১৩ সালে। দ্বিতীয় পার্ট মুক্তি পায় ২০২১ সালে। এ দুই পার্টে প্রধান চরিত্রে অভিনয় করেন মোহনলাল। এ সিরিজের তৃতীয় পার্ট নির্মাণের কাজ চলমান। তৃতীয় কিস্তিতে থাকবেন মোহনলাল। জিতু জোসেফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

২০১৫ সালে বলিউড পরিচালক নিশিকান্ত কামার ‘দৃশ্যম’ সিনেমা হিন্দি ভাষায় রিমেক করেন। হিন্দি ভাষার রিমেকে অভিনয় করেন অজয় দেবগন, টাবু, শ্রেয়া সরন, অক্ষয় খান্না। ৩৮ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল ১১০ কোটি রুপি।

আরো পড়ুন:

এই সিরিজের দ্বিতীয় পার্ট ‘দৃশ্যম-টু’ রিমেক করেছেন পরিচালক অভিষেক পাঠক। অভিনয়শিল্পীরা অপরিবর্তিত রয়েছেন। সিনেমাটি নির্মাণে ব্যয় হয় ৫০ কোটি রুপি। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাও বক্স অফিসে রাজত্ব করে। এটি আয় করে ৩৪৫ কোটি রুপি। এবার হিন্দি ভাষায় নির্মিত হতে যাচ্ছে ‘দৃশ্যম থ্রি’। পিঙ্কভিলা এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “গান্ধী জয়ন্তী (মহাত্মা গান্ধীর জন্মদিন) দৃশ্যম ফ্যাঞ্চাইজির জন্য খুবই তাৎপর্যপূর্ণ। তাই ২ অক্টোবর ‘দৃশ্যম থ্রি’ সিনেমার যাত্রা শুরু করবেন। এটি একটি ম্যারাথন শিডিউল, মহারাষ্ট্রের রিয়েল লোকেশনে ৩ মাস ধরে শুটিং হবে। পাশাপাশি স্টুডিওতেও দৃশ্যধারণের কাজ হবে। অজয় দেবগনের শুটিং শিডিউল চূড়ান্ত করা হয়েছে।”

মুক্তির তারিখ জানিয়ে সূত্রটি বলেন, “২০২৬ সালের গান্ধী জয়ন্তীতে (২ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দৃশ্যম থ্রি’ সিনেমা। চিত্রনাট্যের কাজ শেষ। পরিচালক এখন সংলাপ নিয়ে কাজ করছেন। পুরো ‘দৃশ্যম’ পরিবার তৃতীয় কিস্তির জন্য পুনরায় একত্রিত হবে, যা বিজয় সালগাঁওকারের গল্পের সমাপ্তি ঘটাবে। এটি পরিচালনা করছেন অভিষেক পাঠক।” 

মালায়ালাম ভাষার ‘দৃশ্যম থ্রি’ সিনেমার শুটিং এখনো শুরু হয়নি। ফলে সংশয় দেখা দিয়েছে, এটি মালায়ালাম ভাষার ‘দৃশ্যম থ্রি’ সিনেমার রিমেক না কি মৌলিক গল্প। কেউ কেউ বলছেন, এটি মালায়লাম সিনেমার রিমেক। পাশাপাশি সময়ে মালায়ালাম ও হিন্দি ভার্সনের শুটিংয়ের পরিকল্পনা করেছেন তারা। সূত্রটি বলছেন, “আগামী জুলাই মাসে এ বিষয়ে চূড়ান্ত তথ্য জানতে পারব।”

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়