ঢাকা     রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামায়াত আমিরের পোস্ট নিয়ে যা বললেন শাওন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের পোস্ট নিয়ে যা বললেন শাওন

ডা. শফিকুর রহমানের পোস্টের স্ক্রিনশট, মেহের আফরোজ শাওন (বাঁ থেকে)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিশিয়াল মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) দেওয়া একটি পোস্ট নিয়ে বিতর্ক চলছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চায় মেতেছেন নেটিজেনরা। ডা. শফিকুর রহমানের এ পোস্টের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজের ভাবনার কথা জানিয়েছেন আলোচিত অভিনেত্রী-গায়িকা মেহের আফরোজ শাওন। 

রবিবার (১ ফেব্রুয়ারি) মেহের আফরোজ শাওন তার ফেসবুকে ডা. শফিকুর রহমানের পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন। ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, “কয়েক বছর আগে আমার এক পরিচিত ভাবি সামাজিক মাধ্যমে তার সাম্প্রতিক সাবেকের কিছু গোপন ছবি ফাঁস করেন। এর এক ঘণ্টা পরপরই সেগুলো মুছে দেন। নতুন পোস্ট দিয়ে জানান যে, তার আইডি হ্যাক হয়েছিল। অনে—ক কষ্টে তিনি তা ফেরত পেয়েছেন! আমি উনাকে যেমন বিশ্বাস করেছিলাম, ইনাকেও তেমন বিশ্বাস করছি। প্লিজ প্লিজ আপনারাও বিশ্বাস করেন।” 

আরো পড়ুন:

মেহের আফরোজ শাওনের এই পোস্টে রিঅ্যাক্ট পড়েছে ৪ হাজার ১০০টি। কমেন্ট বক্সে অনেকে নানা ধরনের মন্তব্য করেছেন। 

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে জামায়াতের আমিরের ভেরিফায়েড এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্টটি দেওয়া হয়। এই পোস্টে কর্মজীবী নারীদের সম্পর্কে ‘অসম্মানজনক’ মন্তব্য থাকায় শফিকুর রহমানের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। নারী নেতৃত্ব সম্পর্কে দলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে পোস্টে বলা হয়, নারীর নেতৃত্ব আল্লাহ অনুমোদন করেন না এবং জামায়াতে নারীদের নেতৃত্বে আসার কোনো সুযোগ নেই। 

তবে জামায়াত দাবি করেছে, ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। এ ঘটনায় দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে। কেবল তাই নয়, জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম গত রাতে রাজধানীর হাতিরঝিল থানায় একটি জিডি করেছেন। পরবর্তীতে ক্ষমা প্রার্থনাও করেছেন ডা. শফিকুর রহমান।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়