ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনেতা সুনীল থাপা মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:৩৪, ৮ ফেব্রুয়ারি ২০২৬
অভিনেতা সুনীল থাপা মারা গেছেন

সুনীল থাপা

বরেণ্য অভিনেতা সুনীল থাপা মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে নেপালের কাঠমান্ডুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। নেপালি, বলিউড ও ভারতের দক্ষিণী সিনেমায় অভিনয় করে খ্যাতি কুড়ান এই অভিনেতা। দ্য কাঠমান্ডু পোস্ট এ খবর প্রকাশ করেছে। 

এ প্রতিবেদনে জানানো হয়েছে, কাঠমান্ডুর শঙ্কমুলের নিজ অ্যাপার্টমেন্টে অচেতন অবস্থায় পাওয়া যায় সুনীল থাপাকে। পরে দ্রুত তাকে নোভিক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, চিকিৎসাধীন অবস্থায় সুনীল থাপার মৃত্যু হয়েছে। চিকিৎসকদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। 

আরো পড়ুন:

নোভিক হাসপাতালের চেয়ারম্যান রাজেন্দ্র বাহাদুর সিং দ্য কাঠমান্ডু পোস্ট-কে বলেন, “সুনীল থাপাকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সকাল ৭টা ৪৪ মিনিটে করা একটি ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) পরীক্ষায় তার মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত হওয়া যায়।” 

নেপালি, বলিউড, ভোজপুরি, তেলেগু ভাষার অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন সুনীল থাপা। তার উল্লেখযোগ্য চরিত্রগুলোর মধ্যে অন্যতম— ‘মেরি কম’ সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার কোচের চরিত্র। এ অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা।  

বলিউডের সুপারহিট ‘এক দুজে লিয়ে’ সিনেমা দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন সুনীল থাপা। সময়ের সঙ্গে নেপালি সিনেমায় গুরুত্বপূর্ণ একটি নাম হয়ে ওঠেন, বিশেষ করে খল চরিত্রে অভিনয়ের জন্য। চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তার বহুমুখিতা ও নিষ্ঠা সিনেমাপ্রেমীদের মনে গভীর ছাপ ফেলেছেন। 

১৯৫৭ সালের ১৯ মে নেপালের ডাং জেলায় জন্মগ্রহণ করেন সুনীল থাপা। তিন শতাধিক নেপালি সিনেমায় অভিনয় করেন। ১৯৯১ সালে মুক্তি পায় নেপালি ভাষার ‘চিনো’। কাল্ট ক্ল্যাসিক ঘরানার এই সিনেমায় ‘রেট কাইলা’ চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে খ্যাতি কুড়ান; যা নেপালি চলচ্চিত্র ইতিহাসের অন্যতম আইকনিক পারফরম্যান্স হিসেবে বিবেচিত। সিনেমাটিতে তার উপস্থিতি দর্শক মনে প্রভাব ফেলেছিল। 

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেরি কম’ সিনেমায় অভিনয়ের পর সুনীল থাপার আন্তর্জাতিক পরিচিতি বেড়ে যায়। এতে প্রিয়াঙ্কা চোপড়ার কোচ নারজিৎ সিং-এর ভূমিকায় অভিনয় করেন তিনি। এই পারফরম্যান্স তাকে নেপালের বাইরে খ্যাতি এনে দেয়। দক্ষিণ এশীয় চলচ্চিত্র পরিমণ্ডলে তার অবস্থান আরো দৃঢ় করে। 

অভিনয় শুরুর আগে অর্থাৎ সত্তর দশকের মাঝামাঝি সময়ে মুম্বাইয়ে মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন সুনীল থাপা। পরে তিনি চলচ্চিত্রে পা রাখেন। সময়ের সঙ্গে হিন্দি ও ভারতের আঞ্চলিক সিনেমায় উল্লেখযোগ্য উপস্থিতি জানান দেন। তার সাম্প্রতিক কাজের মধ্যে ছিল ‘দ্য ফ্যামিলি ম্যান-থ্রি’। এতে ডেভিড খুজৌ চরিত্রে অভিনয় করেন। যেখানে নাগাল্যান্ডের একজন সম্মানিত নেতা ও এমসিএ প্রধানের ভূমিকায় অভিনয় করেন। 

দীর্ঘ অভিনয় জীবনে অনেক পুরস্কার পেয়েছেন সুনীল থাপা। যার মধ্যে উল্লেখযোগ্য—মোশন পিকচার্স অ্যাওয়ার্ড নেপাল। এটি দুবার লাভ করেন। এভারেস্ট ফিল্ম অ্যাকাডেমির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের উন্নয়ন ও মেন্টরশিপে অবদান রাখেন তিনি। খলনায়ক ও পরামর্শদাতা—উভয় ধরনের চরিত্রে স্বাচ্ছন্দ্যে অভিনয় করার ক্ষমতা ছিল তার। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়