১২ ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয় ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্টের খেলার মাঠে রবিবার নির্বাচনি জনসভায় ভাষণ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “১২ ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয় ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে। আমরা ৫ আগস্ট যেভাবে সফল করেছি ১২ ফেব্রুয়ারিকেও সফল করব। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়েই ঘরে যাব।”
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্টের খেলার মাঠে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে, যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদের পরাজিত করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশকে দখলদার মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে। ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ, আমরা তরুণ যুব সমাজ সবাই আছি।”
ভোটারদের তিনি বলেন, “আমরা শুধু ঢাকা-১১ আসনে জয়ের ব্যাপারে আশাবাদী নই, সমগ্র বাংলাদেশে জয়ের ব্যাপারে আশাবাদী। ১১ দলীয় ঐক্যজোট সরকার গঠনের ঐক্যজোট, আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার ঐক্যজোট। ১১ দলীয় ঐক্যজোটের নেতৃত্বে সারা বাংলাদেশে যে যেখানে, যে মার্কায় প্রার্থী আছেন তাদের সহযোগিতা ও ভোট দিয়ে জিতিয়ে আসবেন আপনারা। এই আহ্বান আপনাদের প্রতি রইল।”
এনসিপির আহ্বায়ক বলেন, “ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার পেছনের প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কারণ। সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমিদস্যু। এই এলাকার শত শত মানুষের জমি, শত শত খাস জমি ও সাধারণ জলাশয় দখল করে নেওয়া হয়েছে। ভরাট করে ফেলা হয়েছে। শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যে সব মানুষ ভূমি হারিয়েছেন, তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার নতুবা তাদের আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা-১১ থেকে আমরা চিরতরে নির্মূল করব।”
ঢাকা/রায়হান/মাসুদ