ঢাকা     শনিবার   ১৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৯ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ

কুষ্টিয়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬  
কুষ্টিয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ

কুষ্টিয়ার বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের মিছিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে কুষ্টিয়ার বিচার বিভাগীয় কর্মচারীরা।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ ও সমাবেশ করেন সংগঠনের নেতা-কর্মীসহ সকল কর্মচারীরা।

আরো পড়ুন:

বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, জাতীয় পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে গত ৬ ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের যমুনা অভিমুখে শান্তিপূর্ণ মিছিল কর্মসূচিতে ডিএমপি কমিশনারের সরাসরি নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নগ্ন হামলা, হস্তক্ষেপ ও বলপ্রয়োগ করেছে।

বক্তরা অভিযোগ করেন, ওই কর্মসূচিতে অংশগ্রহণকারী সরকারি কর্মচারীদের ওপর লাঠিচার্জ, রাবার বুলেট, টিয়ারশেল, জলকামান নিক্ষেপ ও অন্যান্য বলপ্রয়োগের ফলে প্রায় দুই শতাধিক কর্মচারী গুরুতর আহত হন, যাদের মধ্যে প্রায় শতাধিক কর্মচারী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সমাবেশে বক্তারা উক্ত ঘটনার তীব্র প্রতিবাদে এবং আহত সকল দপ্তরের সহকর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশের অংশ হিসেবে সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণদেরকে কালো ব্যাজ ধারণপূর্বক শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন এবং আহত সহকর্মীদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানান।  

সেই সঙ্গে পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশ না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

সমাবেশে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক তারিক আহম্মেদ রিংকু, খুলনা বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ফজলুর রহমানসহ অন্যান্য নেতা-কর্মীরা।

পরবর্তীতে নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ঘটনাস্থলে সেনা সদস্যের অনুরোধে বিক্ষোভ বন্ধ করেন সংগঠনের নেতা-কর্মীরা।

ঢাকা/কাঞ্চন/ফিরোজ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়