‘কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং সহ্য করা হবে না’
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কিশোরগঞ্জে ছোট ভাইয়ের নির্বাচনি প্রচারণায় মার্কিন সিনেটর শেখ মুজাহিদুর রহমান চন্দন
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের তিনবারের নির্বাচিত সিনেটর শেখ মুজাহিদুর রহমান চন্দন।
রবিবার (৭ ফেব্রুয়ারি) বাজিতপুর ডাকবাংলো মাঠে হাঁস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) শেখ মজিবুর রহমান ইকবালের জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সিনেটর চন্দন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের বড় ভাই।
মার্কিন সিনেটর বলেন, “কিশোরগঞ্জ-৫ আসনের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে না। এখানে যদি ইঞ্জিনিয়ারিং হয় তাহলে সমস্যা আছে। আমি ছাড়বো না কাউকে। ইঞ্জিনিয়ারিং হতে দিব না। এই জন্য আমি এখানে এসেছি। ইঞ্জিনিয়ারিং চলবে না এই এলাকায়। আমি যতদিন আছি এখানে ইঞ্জিনিয়ারিং চলবে না।”
তিনি আরো বলেন, আমি সবাইকে ভোট দিতে যেতে বলবো। ভোট আপনাদের দায়িত্ব, আপনাদের কর্তব্য, এটা আপনাদের অধিকার। আপনারা দলমত নির্বিশেষে সবাই ভোট দিতে যাবেন।
শেখ মুজাহিদুর রহমান চন্দন বলেন, বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক সব সময়ই ভালো ছিল, এখনও ভালো আছে। সামনে আরো ভালো হবে।
তিনি বলেন, আমেরিকার বড় রাজনীতিবিদরা আমাদের মতো লোকদের সঙ্গে কথা বলে অনেক সিদ্ধান্ত নেয়। আমি দেশের খারাপ চাই না, বাংলাদেশের ভালো চাই। দেশের সন্তান হিসেবে সবসময় দেশের ভালো চেয়েছি, এখনও চাই, ভবিষ্যতেও চাইব।
বাজিতপুর পৌরসভা ও ১১টি ইউনিয়ন থেকে মিছিল নিয়ে জনসভায় বিপুল সংখ্যক মানুষ জনসভায় অংশগ্রহণ করেন। জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ঢাকা/রুমন/ফিরোজ