ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘ভারত বিশ্বাসঘাতকতা করেছে, আশা করি ইরানে চলে যেতে পারব’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ৩ মার্চ ২০২৬   আপডেট: ১৭:৩১, ৩ মার্চ ২০২৬
‘ভারত বিশ্বাসঘাতকতা করেছে, আশা করি ইরানে চলে যেতে পারব’

মান্দানা করিমি

হিন্দি সিনেমায় অভিনয় করে পরিচিতি লাভ করেন ইরানি মডেল-অভিনেত্রী মান্দানা করিমি। বহু বছর ধরে ভারতে বসবাস করছেন তিনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর নিজ দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন এই অভিনেত্রী। 

বলিউড হাঙ্গামাকে সাক্ষাৎকার দিয়েছেন মান্দানা করিমি। এ আলাপচারিতায় স্বদেশ নিয়ে ভিন্ন এক ভবিষ্যতের আশা প্রকাশ করেছেন। এ অভিনেত্রী বলেন, “আমি মুক্ত একটি ইরানকে দেখি, যেখানে নারীরা যা ইচ্ছা তাই করতে পারবে, যা ইচ্ছা তা পরতে পারবে এবং যেকোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে পছন্দের বিষয়ে পড়াশোনা করতে পারবে। আমি এমন এক ইরানকে দেখি, যার সঙ্গে মধ্যপ্রাচ্যের চমৎকার সম্পর্ক থাকবে। আমরা কারো জন্য হুমকি হবো না, বরং এমন একটি জাতি হবো, যা মধ্যপ্রাচ্যকে গড়ে তুলবে। আমি ইরানের এই শাসনব্যবস্থার অবসান দেখতে চাই, তাদের ক্ষমতা ছাড়তেই হবে।” 

আরো পড়ুন:

ইরানের বর্তমান শাসনব্যবস্থার অবসান ঘটলেই ইরানে ফিরে যাবেন মান্দানা করিমি। তার ভাষায়, “যখন ঘোষণা করা হবে যে, এই শাসনব্যবস্থা শেষ, তখনই আমি চলে যাব। যাইহোক, আমার ব্যাগ গুছানোই আছে, আমি ভারত ছেড়ে চলে যাচ্ছি। এটাই পরিকল্পনা। আমার মনে হচ্ছে, আমি ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি। যদিও এটা আমার জন্য খুবই কঠিন।” 

কারণ ব্যাখ্যা করে মান্দানা করিমি বলেন, “আমি খুব অল্প বয়সে ভারতে এসেছিলাম। ভারত আমাকে সবকিছু দিয়েছে। আমার মডেলিং ক্যারিয়ার, অভিনয়জীবন, মানুষের ভালোবাসা আর যে বন্ধুদের পেয়েছি—তার সবকিছু। কিন্তু আমি অনুভব করি, ভারতে আমার কথা বলার কোনো অধিকার নেই।” 

ইরান নিয়ে খোলামেলা কথা বলার কারণে ভারতের অনেক বন্ধুকে হারিয়েছেন মান্দানা। তার ভাষায়, “গত দুই মাসে বম্বেতে যতটা একা অনুভব করেছি, বাড়ি (ইরান) ফেরার জন্য কাতর হয়েছি, এমনটা আগে কখনো হয়নি। এখানে আমার অনেক বন্ধু আছে। আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম, ইরান নিয়ে খোলামেলা কথা বলেছিলাম, যার ফলে তথাকথিত বন্ধুদের হারিয়েছি।”

মান্দানা মনে করেন, ভারত তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এ অভিনেত্রী বলেন, “আমার মনে হয়, একভাবে ভারত আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ভারত আমাকে যা দেওয়ার ছিল, তা দিয়েছে, এখন এগিয়ে যাওয়ার সময় এসেছে। আশা করি, আমি ইরানে চলে যেতে পারব।”

তবে ভারত মান্দানার সঙ্গে কীভাবে বিশ্বাসঘাতকতা করেছে, সে বিষয়ে আর কিছু বলেননি এই অভিনেত্রী। 

১৯৮৮ সালের ১৯ মে ইরানের তেহরানের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মান্দানা করিমি। তার বাবা ইরানি, মা ভারতীয়। বেড়ে উঠেছেন তেহরানে। নানাবাড়ির সূত্রে বহুবার ভারতে যাতায়াত করেছেন তিনি। 

বিমানবালা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও তা ছেড়ে দিয়ে মডেলিং শুরু করেন মান্দানা। ২০১০ সালে বেশ কিছু মডেলিংয়ের কাজ করতে ৩ মাসের জন্য ভারতে যান। এই জার্নি ভারতের প্রতি তার ভালোবাসা তৈরি হয়। ২০১৫ সালে ‘রায়’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো—‘কেয়া কুল হ্যায় হাম থ্রি’, ‘থর’, ‘ভাগ জনি’ প্রভৃতি। বিগ বসের কয়েকটি সিজনে অংশ নেন, তবে নবম সিজনে অংশ নিয়ে আলোচিত হন এই অভিনেত্রী। 

গত বছরের শুরুতে অভিনয়কে বিদায় জানানোর ঘোষণা দেন মান্দানা করিমি। ইন্টেরিয়র ডিজাইনিংকেই পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ৩৭ বছরের মান্দানা বলেন, “অভিনয় এমন একটি কাজ ছিল যা কখনো পছন্দ করিনি, এমনকি এই শিল্পও না। আমি সেখানে যে সময় কাটিয়েছি, তার জন্য কৃতজ্ঞ। তবে এটি এমন কিছু ছিল না যার জন্য আমি ক্ষুধার্ত ছিলাম।”

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়