ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আনুশকা শেঠির বিয়ে?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ১৭ মার্চ ২০২৬   আপডেট: ০৯:৩৯, ১৭ মার্চ ২০২৬
আনুশকা শেঠির বিয়ে?

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। বহু বছর ধরে তার বিয়ে নিয়ে নানা জল্পনা চাউর হয়েছে। যদিও তার কোনোটিই বাস্তবে রূপ নেয়নি। ফের বিয়ে নিয়ে নতুন করে খবরের শিরোনাম হলেন ৪৪ বছরের আনুশকা। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি বিষয়টি নিয়ে চলচ্চিত্র অঙ্গনেও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, অবশেষে বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন ‘বাহুবলি’ তারকা আনুশকা শেঠি। এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ভাবছেন এই অভিনেত্রী। এই ব্যবসায়ী অভিনেত্রীর পরিবারের পরিচিত। এখন দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা চলছে। দুজনের সম্মতিতেই বিয়ে ঠিক হতে পারে।

আরো পড়ুন:

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “পাত্র প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। আনুশকা শেঠির পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিয়ের দিন-তারিখ চূড়ান্ত হলে, ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দুই পরিবারের সদস্য ও চলচ্চিত্র জগতের কয়েকজন বন্ধু উপস্থিত থাকবেন।”

আনুশকা শেঠি বরবরই তার ব্যক্তিগত জীবন আড়ালে রেখেছেন। প্রেম-বিয়ে নিয়ে নানা সময়ে নানা কথা সামনে এলেও খুব কমই এসব বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। ফলে তার বিয়ে নিয়ে নতুন কোনো খবর এলেই মানুষের কৌতূহল বেড়ে যায়। এবারো তার ব্যতিক্রম নয়। তবে এখনো বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে আছেন আনুশকা। 

বলে রাখা ভালো, বহুল আলোচিত ‘বাহুবলি’ সিনেমায় অমরেন্দ্র বাহুবলি ও দেবসেনা চরিত্র রূপায়ন করেন অভিনেতা প্রভাস ও আনুশকা শেঠি। পর্দায় এ জুটির রসায়ন ভক্তদের মনে এতটাই দাগ কাটে যে, বাস্তব জীবনেও তাদের জুটি হিসেবে ভেবে নেন তারা।

‘বাহুবলি-টু’ মুক্তির পর প্রভাস ও আনুশকার প্রেম ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন চাউর হতে থাকে। তাছাড়া দুজনই এখনো অবিবাহিত। দুয়ে দুয়ে চার মিলিয়ে চলতে থাকে নানা জল্পনা-কল্পনা। যদিও পরবর্তীতে দুজনই এই গুঞ্জন অস্বীকার করেন। আনুশকা শেঠি এক সাক্ষাৎকারে বলেছিলেন—“আমি প্রভাসকে ১৫ বছর ধরে চিনি। সে আমার এমন বন্ধু যাকে রাত ৩টা সময়ও ফোন কল করতে পারি।” 

আনুশকা শেঠি অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ঘাটি’। গত বছরের ৫ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। বর্তমানে তার হাতে মালায়ালাম ভাষার ‘কাঠানার’ সিনেমার কাজ রয়েছে। এখন সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে মুক্তি পাবে এটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়