ক্রিকেট মাঠে নজর কাড়লেন প্রীতি
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের সহ-মালিকানাও রয়েছেন তার। কয়েক দিন আগে আইপিএলের একটি ম্যাচে গ্যালারিতে উপস্থিত হয়ে নজর কাড়েন এই অভিনেত্রী। বিশেষ করে হাতঘড়ির কারণে আলোচনার কেন্দ্রে রয়েছেন এই অভিনেত্রী।
দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, প্রীতির ঘড়িটি প্রস্তুত করেছে ফ্রান্সের বিলাসবহুল ব্র্যান্ড প্যান্থার ডে কার্টিয়ার ওয়াচ। দৃষ্টিনন্দন এই টাইমপিস তৈরি হয়েছে উজ্জ্বল সলিড গোল্ড দিয়ে। এতে কার্টিয়ারের স্বাক্ষর রয়েছে; যার কোণাগুলো কিছুটা গোলাকার, রোমান সংখ্যার ঘণ্টা চিহ্ন, প্যান্থার-অনুপ্রাণিত একটি স্লিক ব্রেসলেট—যা ঘড়ি ও ফাইন জুয়েলারির মাঝামাঝি অনন্য এক সৌন্দর্য তৈরি করেছে। এ ঘড়ির মূল্য ৩৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৬ লাখ ১৬ হাজার টাকা)।
দামি ঘড়ি পরার পরও প্রীতি তার বাকি লুক রেখেছিলেন সহজ ও ম্যাচ-ফ্রেন্ডলি। এ অভিনেত্রীর পরনে ছিল লাল রঙের টি-শার্ট। এ টি-শার্টে লেখা—“পাঞ্জাবের সিংহ।” এর সঙ্গে বেছে নেন আরামদায়ক সবুজ জগারস, লাল-সাদা রঙের পাঞ্জাব কিংস বোম্বার জ্যাকেট, যা দলের রঙের সঙ্গে মানানসই।
রুপালি পর্দায় প্রীতি জিনতাকে দীর্ঘ দিন দেখা যায়নি। ২০১৮ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেন। এরপর বড় পর্দায় তার দেখা মেলেনি। দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। ‘লাহোর ১৯৪৭’ সিনেমায় সানি দেওলের সঙ্গে জুটি বেঁধে ফিরবেন প্রীতি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
ঢাকা/শান্ত
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি লেবাননে প্রযোজ্য হবে না: নেতানিয়াহু