আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতাম: জায়েদ খান
জায়েদ খান
বছরজুড়ে নানা কারণে আলোচনায় থাকেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খান। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। সেখানে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে নিয়মিত অংশ নিচ্ছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন এই অভিনেতা। তার ভাষ্যমতে—“আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতাম।”
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে বাঙালি কমিউনিটির একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন জায়েদ খান। আয়োজনটিকে জমকালো করতে মোটরসাইকেল নিয়ে মঞ্চে প্রবেশের পরিকল্পনা ছিল তার। মোটরসাইকেলের সামনে ও পেছনে রাখা হয়েছিল ‘ফায়ার ওয়াক্স’ বা আগুনের বিশেষ ইফেক্ট। কিন্তু মঞ্চে প্রবেশের মুহূর্তেই ঘটে বিপত্তি। হঠাৎ আগুন ছিটকে পড়ে জায়েদ খানের শরীরে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে অনুষ্ঠানস্থলে।
সেখানকার দায়িত্বরতরা জায়েদ খানকে দ্রুত উদ্ধার করেন। আগুন নিয়ন্ত্রণে আনার পরও থেমে থাকেননি জায়েদ খান। এ পরিস্থিতিতে পারফর্ম শেষ করেন তিনি। পরে অনুষ্ঠান শেষে চিকিৎসা দেওয়া হয় তাকে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন এই অভিনেতা।
ঘটনার ভয়াবহতা তুলে ধরে জায়েদ খান বলেন, “একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। শরীরে আগুন ধরে গিয়েছিল। সে অবস্থাতেই পারফর্ম করেছি। এতে পরিস্থিতি আরো খারাপ হতে পারত। চিকিৎসা নিয়েছি। এখন ব্যান্ডেজ করে বিশ্রামে আছি।”
ঘটনার বর্ণনা দিতে গিয়ে জায়েদ খান বলেন, “আমি যখন মোটরসাইকেল নিয়ে মঞ্চে ঢুকছিলাম, তখন সামনে ও পেছনে ফায়ার ওয়াক্স জ্বলছিল। ঠিক মঞ্চের ভেতরে প্রবেশের সময় আগুন ছিটকে এসে গায়ে লাগে। সবাই খুব দ্রুত আমাকে রেসকিউ করেছে। না হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। আশপাশের অনেক কিছুতেই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।”
অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। তবে কবে দেশে ফিরবেন, তা এখনো নিশ্চিত করেননি তিনি।
ঢাকা/রাহাত/শান্ত