ঢাকা     শনিবার   ০৬ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩ || ২০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘মাস্তুলে’ বাবু গাইলেন ‘আমায় ভাসাইলি রে...’

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ৬ জুন ২০২৬   আপডেট: ১৩:৩৪, ৬ জুন ২০২৬
‘মাস্তুলে’ বাবু গাইলেন ‘আমায় ভাসাইলি রে...’

‘মাস্তুল’ সিনেমার একটি দৃশ্য

পল্লীকবি জসীমউদ্‌দীনের কালজয়ী গান ‘আমায় ভাসাইলি রে’ নতুনভাবে গেয়েছেন অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। নদী ও সাগরে ভাসমান জাহাজিদের জীবনকাহিনি নিয়ে নির্মিত ‘মাস্তুল’ সিনেমার প্রচার সংগীত হিসাবে গানটি ব্যবহার করা হবে। 

নতুন সংগীতায়োজনে গানটির সুর-সংগীত করেছেন লাবিক কামাল গৌরব। গানটি প্রকাশের মধ্য দিয়ে চলতি মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা। আগামী ১৭ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে চলচ্চিত্রটির।

সিনেমার পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান জানান, ‘মাস্তুল’ মূলত নদীর বুকে ভাসমান মানুষের জীবন, সংগ্রাম ও বিচ্ছিন্ন বাস্তবতার গল্প। সেই ভাবনা থেকেই প্রচারণার জন্য একটি নদীকেন্দ্রিক গান খোঁজা হচ্ছিল। নতুন কোনো গান করার ভাবনা ছিল। কিন্তু বারবার মনে পড়ছিল পল্লীকবি জসীমউদ্‌দীনের ‘আমায় ভাসাইলি রে’ গানটির কথা। টিমের সবার সঙ্গে আলোচনা করে শেষ পর্যন্ত এই কালজয়ী গানটিই বেছে নিয়েছি। 

গানটির জন্য ফজলুর রহমান বাবুকেই কেন নির্বাচন করা হলো, সে প্রসঙ্গে নির্মাতা বলেন, “গানটি চূড়ান্ত হওয়ার পর থেকেই মনে হচ্ছিল বাবু ভাইয়ের কণ্ঠে এটি দারুণ মানাবে। তার কণ্ঠে এক ধরনের মায়া ও আবেগ রয়েছে। এর আগে তিনি বহু লোকগান গেয়েছেন, যা দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়েছে।”

শুধু গানেই নয়, ‘মাস্তুল’ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান এবং সিফাত বন্যা।

উল্লেখ্য, গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়ায় ‘মাস্তুল’। পরে দেশে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি। আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার দেশের দর্শকদের সামনে আসছে নদীকেন্দ্রীক জীবনের গল্পে নির্মিত এই চলচ্চিত্র।

ঢাকা/রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়