প্রকাশিত হয়েছে আকিমুন রহমান-এর ‘রৌদ্রে কুসুমে বিরিক্ষি পত্রে যেটুকু ব্যথা খচিত হয়ে আছে’
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
অমর একুশে গ্রন্থমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে খ্যাতিমান কথাসাহিত্যিক আকিমুন রহমান-এর ‘রৌদ্রে কুসুমে বিরিক্ষি পত্রে যেটুকু ব্যথা খচিত হয়ে আছে’ গল্পগ্রন্থ।
গল্পের মূল চরিত্র তারামালা যেন মাটি ফুঁড়ে জেগে ওঠা এক কোমল চারাগাছ। তার চারপাশের জগৎ জুড়ে আছে পুকুরের টলটলে জল, গাছপালার অগণিত সবুজ আর প্রকৃতির এক নিবিড় স্নিগ্ধতা। লেখক এখানে প্রকৃতিকে কেবল পটভূমি হিসেবে ব্যবহার করেননি। বরং প্রকৃতির স্নিগ্ধতাকে তারামালার অস্তিত্বের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে দিয়েছেন, যেন প্রকৃতি আর তারামালা একে অপরের পরিপূরক। গ্রামবাংলার এই নির্মল পরিবেশে তারামালার বেড়ে ওঠা, তার অনুভব ও উপলব্ধির সূক্ষ্ম রূপান্তর লেখকের কলমে পেয়েছে এক মমতাময় প্রকাশ।
বাংলা সাহিত্যে কিশোর কিংবা তরুণদের অন্তর্জগতের টানাপোড়েন নানা আঙ্গিকে উঠে এলেও, একটি গ্রাম্য বালিকার মনের সূক্ষ্ম ভাঙাগড়া, তার নীরব অনুভূতি ও একান্ত কথামালা এত মায়াবী স্বরে খুব কমই ধরা পড়েছে। লেখক অত্যন্ত নিপুণ দক্ষতায় বালিকা-জীবনের সেই অন্তর্লোককে শব্দে বুনেছেন।
তারামালার না-বলা কথাগুলো যেন কেবল তার ব্যক্তিগত অনুভব নয়; সেগুলো হয়ে ওঠে এক চিরন্তন শৈশবের স্মৃতি, প্রকৃতির সঙ্গে মানুষের হারিয়ে যাওয়া অন্তরঙ্গতার মৃদু প্রতিধ্বনি। ফলে গল্পটি পাঠককে এক স্নিগ্ধ ঘোরে আচ্ছন্ন করে রাখে, যেখানে শৈশব, প্রকৃতি আর অনুভূতির সূক্ষ্ম সুর মিলেমিশে তৈরি করে এক অনন্য আবেশ।
বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। বইমেলায় এটি পাওয়া যাবে ৭৮৫-৭৮৯ নম্বর স্টলে।
ঢাকা/লিপি