বুস্টার ডোজের পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি খালেদা জিয়ার
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ফাইল ফটো)
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার পর তার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। তিনি পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেছেন, ‘গতকাল রাত পর্যন্ত ম্যাডামের শরীরে উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। তিনি ভালো আছেন।’
একই কথা বলছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘রাতে ম্যাডাম ভালো ছিলেন। বুস্টার ডোজ নেওয়ার পর তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।’
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে দীর্ঘদিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মাঝেও গত বছরের ১৯ জুলাই করোনা টিকার প্রথম ডোজ এবং ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ নেন তিনি। প্রথম ডোজ নেওয়ার পর জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি।
উল্লেখ্য, ৭৬ বছর বয়সী বেগম খালেদা জিয়া গতকাল বুধবার বিকেলে রাজধানীর মহাখালীস্থ শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনা টিকার বুস্টার ডোজ নেন।
মেয়া/রফিক