জরুরি সংবাদ সম্মেলনে আসছেন ঢাবি ভিসি, পদত্যাগের গুঞ্জন
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দিবেন বলেও গুঞ্জন উঠেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে ‘বিশেষ’ অ্যাখ্যা দেওয়া এই সম্মেলনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।
রেজিস্ট্রার অফিস সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এটি পূর্বনির্ধারিত কোনো আয়োজন নয়; বরং জরুরি ভিত্তিতেই হঠাৎ সাংবাদিকদের ডাকা হয়েছে। সেখানে উপাচার্য নিজেই বক্তব্য দেবেন।
সম্মেলনের ঘোষণার পরপরই বিশ্ববিদ্যালয় অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। বিশেষ করে উপাচার্যের পদত্যাগ নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। এর আগেও তার বিদেশ সফরকে কেন্দ্র করে এমন আলোচনা শোনা গেলেও এবার বিষয়টি নিয়ে কৌতূহল আরো ঘনীভূত হয়েছে। স্বভাবতই ক্যাম্পাসসহ শিক্ষা-সংশ্লিষ্ট মহলে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও আগ্রহ।
বিশ্ববিদ্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, পদত্যাগের বিষয়টি নিছকই গুজব। তবে নির্বাচনের মাত্র দুদিন আগে এই সংবাদ সম্মেলন ঘোষণায় পরিস্থিতি ভিন্ন মাত্রা পেয়েছে।
সংশ্লিষ্ট মহলের ধারণা, সংবাদ সম্মেলনে ড. নিয়াজ আহমদ খান তার উপাচার্য হিসেবে থাকা কিংবা না থাকার বিষয়টি পরবর্তী সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিতে পারেন। সে ক্ষেত্রে ‘সরকার চাইলে থাকবেন, না চাইলে থাকবেন না’- এমন বক্তব্যও আসতে পারে জুলাই পরবর্তী সময়ে নিয়োগপ্রাপ্ত এই উপাচার্যের পক্ষ থেকে বলে ধারণা করেছন তারা।
তবে সংবাদ সম্মেলনের প্রকৃত উদ্দেশ্য কী—তা কেবল উপাচার্যই জানেন। সব প্রশ্নের উত্তর মিলবে বিকেল ৩টার সেই ‘বিশেষ’ সংবাদ সম্মেলনেই।
ঢাকা/সৌরভ/জান্নাত