ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিলিস্তিনিদের সমর্থনে ইউরোপজুড়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ১৬ অক্টোবর ২০২৩   আপডেট: ১২:৫১, ১৬ অক্টোবর ২০২৩
ফিলিস্তিনিদের সমর্থনে ইউরোপজুড়ে বিক্ষোভ

গাজা উপত্যকায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে ইউরোপের বেশ কয়েকটি দেশের মানুষ রাস্তায় নেমেছে।

সিএনএন ও এএ’র খবরে বলা হয়েছে, শনিবার ও রোববার সুইডেন, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডে ফিলিস্তিনিদের সমর্থনে মিছিল করেছে হাজার হাজার মানুষ।

রোববার নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে প্রায় ১৫ হাজার মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে মিছিল করে। এই কর্মসূচিতে হামাসের পতাকা বহন, পুলিশেল ওপর হামলার চেষ্টা ও মুখ ঢেকে পদযাত্রায় অংশ নেওয়ায় মিছিল থেকে ৩ জনকে গ্রেপ্তার করে আমস্টারডাম পুলিশ।

এর আগের দিন শনিবার লন্ডনে হাজার হাজার মানুষ রাস্তায় নামে। তারা বিবিসির সদর দপ্তর থেকে ডাউনিং স্ট্রিট পর্যন্ত মিছিল নিয়ে যান। এসময় ইসরায়েল-হামাসের সংঘর্ষের ‘পক্ষপাতমূলক’ কভারেজের প্রতিবাদে বিবিসি কার্যালয়ের প্রধান প্রবেশদ্বারে লাল রঙ ছড়িয়ে দেয়া হয়।

একইদিন সুইজারল্যান্ডে প্রায় ছয় হাজার মানুষ জড়ো হন। একই সময়ে সুইডেনের রাজধানী স্টোকহোমে কয়েক শ’ বিক্ষোভকারী রাস্তায় নামে। তারা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ‘ফ্রি প্যালেস্টাইন, ‘ফ্রি জেরুজালেম’ এবং ‘ফ্রিডম ফর গাজা’ স্লোগান দেন। গাজায় বোমাবর্ষণ ও বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধের দাবিও জানান তারা। 

একই সময়ে স্কটল্যান্ড ও ইতালির মিলানেও ফিলিস্তিনিদের সমর্থনে মিছিল বের করা হয়। ইসরায়েল সরকারের বর্ণবাদ নীতি, ইহুদি রাষ্ট্রের দখলদারিত্ব, দায়মুক্তি ও গাজায় অবরোধের নিন্দা জানান বিক্ষোভকারীরা। জার্মানির কোলনের হিউমার্কট স্কোয়ারের ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ সমাবেশ করা হয়। এসময় সমাবেশস্থল ঘিরে রাখে পুলিশ। তবে বার্লিনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শনের জন্য বিক্ষোভের মিছিল করতে দেয়নি পুলিশ।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়