৩২৭ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের
বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইরান
ইরানের প্রতিশোধমূলক হামলার পর থেকে এখন পর্যন্ত ১১৪টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৯০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী।
শনিবার (১৪ মার্চ) বাহরাইন প্রতিরক্ষা বাহিনীর বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
দেশটির প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অন্যান্য সম্পদ থাকা দেশগুলোকে লক্ষ্য করে ইরান যে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে, তার অংশ হিসেবেই বাহরাইন লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধারাবাহিকভাবে ইরানের এসব হামলা প্রতিহত করছে।
ইরানের বিরুদ্ধে দেশের বেসামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছে বাহরাইন।
বিবৃতিতে বলা হয়, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। এটি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
গালফ নিউজের খবর অনুযায়ী, ইরানের প্রতিশোধমূলক হামলার মুখে থাকা আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত এখন পর্যন্ত ২৮৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ১ হাজার ৫৬৭টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে।
ঢাকা/ফিরোজ