তাহিরপুরে হঠাৎ শিলাবৃষ্টি
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টি হয়।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে। এতে হাওর এলাকার কৃষকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। শনিবার ( ১৪ মার্চ) দুপুরে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেলে শুরু হয় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি। কিছুক্ষণের মধ্যে বৃষ্টির সঙ্গে শিলা পড়তে থাকে।
স্থানীয়রা জানান, প্রায় ১০–১৫ মিনিট ধরে মাঝারি আকারের শিলাবৃষ্টি হয়। এতে অনেক জায়গায় বোরো ধানের ক্ষেত ও জমিতে আংশিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। শিলার আঘাতে কিছু গাছের পাতা ও ফলও ঝরে পড়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে মাঠ পর্যায়ে খোঁজ নেওয়া হচ্ছে।
এ দিকে শিলাবৃষ্টির সময় হাওর এলাকায় কাজ করা কৃষক ও শ্রমিকরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি করেন। হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনে স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্কও দেখা দেয়।
স্থানীয়রা বলছেন, বোরো ধান কাটার মৌসুম সামনে থাকায় এমন শিলাবৃষ্টি অব্যাহত থাকলে কৃষকদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
গোবিন্দশ্রী গ্রামের কৃষক মিল্লাদ হোসেন বলেন, এখনো জমিতে ধান পুরোপুরি আসেনি। কিন্তু যেভাবে শিলাবৃষ্টি শুরু হয়েছে, আল্লাহই জানেন ফসলের কতটা ক্ষতি হবে। শিলায় অনেক গাছ নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কোথাও ফসলের ক্ষতি হলে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হবে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-১ মামুন হাওলাদার রাইজিংবিডি-কে বলেন, সুনামগঞ্জ দুইদিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামী ২ থেকে ৩ দিন মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
ঢাকা/মনোয়ার/বকুল