মধ্যরাতে ট্রেলার প্রকাশ করে চমক দেখালো ‘রাক্ষস’
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
অবশেষে অপেক্ষার অবসান। নির্ধারিত সময় পেরিয়ে গভীর রাতে প্রকাশ পেল বহুল আলোচিত সিনেমা ‘রাক্ষস’-এর ট্রেলার। প্রকাশের সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে অভিনেতা সিয়াম আহমেদের মারকাটারি উপস্থিতি ও অ্যাকশন দৃশ্য নিয়ে শুরু হয় আলোচনা।
শুক্রবার (১৩ মার্চ) ট্রেলার প্রকাশের কথা থাকলেও সন্ধ্যা পেরিয়ে রাত গভীর হলেও দেখা মিলছিল না সিনেমাটির ঝলক। এতে অনেক দর্শক সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করতে থাকেন। কেউ কেউ অপেক্ষা ছেড়ে ঘুমানোর প্রস্তুতিও নিচ্ছিলেন। ঠিক সেই সময়ই হঠাৎ মধ্যরাতে ট্রেলার প্রকাশ করা হয়।
‘রাক্ষস মাঝরাতেই আসে… আর তখনই শুরু হয় কোপ’—এমন শিরোনাম দিয়ে ট্রেলারটি প্রকাশ করা হয়। প্রকাশের পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে।
ট্রেলারে দেখা গেছে সিয়াম আহমেদের একেবারে ভিন্ন রূপ। অ্যাকশন ও সহিংসতায় ভরপুর দৃশ্যে তার উপস্থিতি দর্শকদের দৃষ্টি কাড়ে। একই সঙ্গে নজর কাড়েন নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়। ট্রেলারের কয়েকটি দৃশ্যে ‘বরবাদ’ সিনেমার জিল্লুর চরিত্রের উপস্থিতিও দেখা যায়। এতে অনেকে ধারণা করছেন, এটি হয়তো ‘বরবাদ’ সিনেমার গল্পজগতেরই একটি অংশ।
তবে এ বিষয়ে জানতে চাইলে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘রাক্ষস’ সিনেমায় রয়েছে একেবারে ভিন্ন ধরনের প্রেমের গল্প। তার ভাষায়, সাম্প্রতিক সময়ে ঢালিউড বা টলিউডে এমন পাগলাটে প্রেমের গল্প দেখা যায়নি। সিনেমাটিতে রয়েছে তীব্র অ্যাকশন, সহিংসতা, রোমান্স ও পারিবারিক নাটকের মিশেল।
সিনেমাটির বিশেষ গানে অভিনয় করেছেন বলিউডের নাতালিয়া জানোসজেক। ‘রাক্ষস’ সিনেমাটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি। প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন।
https://www.facebook.com/reel/3328203797340514
ঢাকা/রাহাত/লিপি