গাজা-লেবাননে সামরিক অভিযান চলবেই: নেতানিয়াহু
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা উপত্যকা ও দক্ষিণ লেবাননে সামরিক অভিযান পূর্ণ শক্তিতে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। খবর রোয়া নিউজের।
সোমবার (১৩ এপ্রিল) ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু দাবি করেন, “ইসরায়েলি বাহিনীর লড়াই এক মুহূর্তের জন্যও থামেনি। তিনি বলেন, “যুদ্ধ সমসময়ই চলছে। গতকাল এবং আজ আমাদের বিশেষ মনোযোগ ছিল দক্ষিণ লেবাননের বিনত জবেইল এবং গাজার ওপর। পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের সব শক্তি দিয়ে অভিযান চালিয়ে যাব।”
তিনি বর্তমান পরিস্থিতির চ্যালেঞ্জকে অতীতের মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের প্রচেষ্টার সঙ্গে তুলনা করে বলেন, বর্তমান প্রেক্ষাপটে হামাসের বিরুদ্ধে কোনো ঐক্যবদ্ধ আন্তর্জাতিক বাহিনী গড়ে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে।
ভাষণ চলাকালীন নেতানিয়াহু গত ১১ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের প্রসঙ্গটি সামনে আনেন। তিনি জানান, ওই বৈঠকে হামাসকে নিরস্ত্র হওয়ার জন্য ৬০ দিনের যে ডেডলাইন দেওয়া হয়েছিল, কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই সেই সময়সীমা এখন শেষ হয়ে গেছে।
রোয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, গাজায় পরিস্থিতি স্থিতিশীল করার কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে এই মন্তব্যগুলো এসেছে, যেখানে যুদ্ধবিরতি পরবর্তী শাসন ব্যবস্থা এবং তা কার্যকর করার বিষয়ে আন্তর্জাতিক অবস্থানগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।
২০২৫ সালের অক্টোবরে একটি যুদ্ধবিরতি স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকাজুড়ে হামলা চালিয়ে যাচ্ছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা-এর তথ্যমতে, সোমবার (১৩ এপ্রিল) দেইর আল-বালাহর আল-মাজরা স্কুলের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ৭৫০ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৯০ জন আহত হয়েছেন।
একই পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা ৭২ হাজার ৩২৯ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ৭২ হাজার ১৯২ জনে পৌঁছেছে।
ঢাকা/ফিরোজ
গাজা ও লেবাননে সামরিক অভিযান চলবেই: নেতানিয়াহু