‘ধর্ষক’কে ফুলের মালা পরিয়ে স্বাগত
ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর হিন্দু যুব বাহিনীর সাবেক সদস্য ও এক আইন ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সুশীল প্রজাপতিকে ফুলের মালা পরিয়ে বীরের মতো স্বাগত জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও-এর বরাত দিয়ে মঙ্গলবার (১৯ মে) এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।
মুক্তি পাওয়ার পরপরই, সাদা পোশাকে এবং গাঁদা ফুলের মালায় সজ্জিত হয়ে ধর্ষণের অভিযুক্ত ব্যক্তি একটি রোডশো করেন, যা ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।
ভিডিওটিতে দেখা যায়, সুশীলের সমর্থকেরা তাকে কাঁধে তুলে নিয়ে স্লোগান দিচ্ছে এবং বিজয় মিছিলের মতো একটি শোভাযাত্রা বের করছে। ওই সময় সবাই তার সঙ্গে করমর্দন করছে এবং হাসছে। অভিযুক্তের আশেপাশের পুরুষদের ‘ভি’ চিহ্ন দেখিয়েছে।
অভিযোগ উঠেছে, অভিযুক্ত সুশীল আইন বিভাগের এক ছাত্রীকে একজন আইনজীবীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার অজুহাতে একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ করে। প্রায় নয় মাস পর গত ১৭ মে জামিনে মুক্তি পেয়েছে সে।
ঢাকা/শাহেদ