লেবাননে হামলা নিয়ে নেতানিয়াহুর ওপর চটলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু
লেবাননে সামরিক অভিযান তীব্র করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১ জুন) দুই নেতার মধ্যেকার ফোনালাপটি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে লেবাননে সামরিক অভিযানের পরিধি কমিয়ে আনার জন্য তীব্র চাপ দেন।
এই কথোকথনের বিষয়ে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ এ তথ্য জানিয়েছে। খবর রোয়া নিউজের।
প্রতিবেদনে বলা হয়, ফোনালাপের এক পর্যায়ে ট্রাম্প বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং লেবাননের কিছু কিছু জায়গায় পরিকল্পিত এই অভিযানের প্রতি নিজের তীব্র অসন্তোষ প্রকাশ করতে অপশব্দ বা গালিগালাজও ব্যবহার করেন। কারণ, এই অভিযান ইরানের সঙ্গে একটি চুক্তি সম্পাদনের জন্য তার প্রচেষ্টাকে নস্যাৎ করার ঝুঁকিতে ফেলেছে।
সূত্রগুলো অ্যাক্সিওসকে আরো জানায়, কথোপকথনের এক পর্যায়ে ট্রাম্প নেতানিয়াহুকে মনে করিয়ে দেন যে, অতীতে তিনি তাকে কতটা সমর্থন করেছিলেন। একইসঙ্গে সতর্ক করে বলেন, লেবাননে বোমা হামলা অব্যাহত রাখলে ইসরায়েল আরো বেশি একঘরে হয়ে পড়তে পারে।
তবে হোয়াইট হাউজের পক্ষ থেকে এই ফোনালাপের উত্তপ্ত সুরের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, এটি একটি ‘ফলপ্রসূ’ ফোনালাপ ছিল। তিনি দাবি করেন, ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের ওপর হামলা চালানো বন্ধ করবে। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ইসরায়েলি সেনারা বৈরুতের দিকে অগ্রসর হবে না।
তবে নেতানিয়াহু তার নিজস্ব বিবৃতিতে জানান, ইসরায়েলি সামরিক বাহিনী ‘পরিকল্পনা অনুযায়ী’ দক্ষিণ লেবাননে আঘাত হানা অব্যাহত রাখবে।
ঢাকা/ফিরোজ