ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শ্যামলী পরিবহনের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ২২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্যামলী পরিবহনের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : শ্যামলী পরিবহন কর্তৃপক্ষ ছাড়া অন্য কোনো পরিবহনে শ্যামলী নাম ও ব্যানার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

রোববার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে শ্যামলী পরিবহনের নাম ব্যবহার করে মোটরযান চালনা ও এর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে সড়ক পরিবহন সচিব, বিআরটিএর চেয়ারম্যান, পুলিশের আইজি, হাইওয়ে পুলিশের ডিআইজি, ডিএমপি কমিশনার ও সড়ক বিআরটিএর পরিচালকসহ (প্রকৌশলী) সাতজনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন ও এ আর এম কামরুজ্জামান কাঁকন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।

আইনজীবী কামরুজ্জামান কাকন জানান, শ্যামলী পরিবহন ১৯৭৩ সাল থেকে পরিবহন ট্রান্সপোর্ট ব্যবসা করে আসছে। শ্যামলী পরিবহন কর্তৃপক্ষ ছাড়া অন্য অনেকে বেআইনিভাবে এই পরিবহনের নাম ও ব্যানার ব্যবহার করছেন। তারা বিভিন্ন সময়ে এই পরিবহনের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যাতে পরিবহনটির সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

এ অবস্থায় ১৭ জানুয়ারি হাইকোর্টে রিট করেন শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রোববার এ আদেশ দেন।



রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৭/মেহেদী/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়