ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাসির-তামিমার জামিন মঞ্জুর 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ২০ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৫:১০, ২০ ডিসেম্বর ২০২১
নাসির-তামিমার জামিন মঞ্জুর 

ফাইল ছবি

অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলায় ক্রিকেটার নাসির হোসাইন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও  শাশুড়ি সুমি আক্তারের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২০ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তাদের জামিনের আদেশ দেন।

আরো পড়ুন:

এর আগে গত ৩১ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এরপর মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বদলির আদেশ দেওয়া হয়। এদিন সংশ্লিষ্ট আদালতে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত তাদের জামিনের আদেশ দেন।

আজ মামলাটি চার্জশুনানির জন্য ধার্য ছিল। চার্জশুনানির জন্য যথেষ্ট প্রস্তুত নন জানিয়ে সময় আবেদন করেন তাদের আইনজীবী কাজী নজীব উল্যাহ হিরু। শুনানি শেষে আদালত সময় আবেদন মঞ্জুর করে আদালত আগামী ২৪ জানুয়ারি চার্জশুনানির তারিখ ধার্য করেন।

এদিকে নিয়মিত আদালতে আসতে অসুবিধা হচ্ছে জানিয়ে তিনজনই ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরার আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান এসব তথ্য জানান।

গত ২৪ ফেব্রুয়ারি তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করে গত ৩০ সেপ্টেম্বর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক শেখ মো. মিজানুর রহমান তিনজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। পরে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন মামলার বাদী ও তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের আইনজীবী ইশরাত হাসান। শুনানি শেষে আদালত নাসিরসহ তিনজনকে ৩১ অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি করেন। ওই দিন তারা আদালতে হাজিরা দেন।

মামুন/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়