রাজধানীতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, বরিশাল থেকে আসামি গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডি এলাকায় এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার অভিযুক্ত মাহাদী হাসান জারিফকে (২৫) গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ।
শুক্রবার (৭ জুলাই) ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বিষয়টি জানিয়েছেন।
ওসি বলেন, বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে বরিশাল কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে ধানমন্ডি থানা পুলিশের একটি দল গ্রেপ্তার করেছে। ধানমন্ডিতে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার পর অভিযুক্ত মাহাদী পালিয়ে যান। পরে বিভিন্ন গোয়েন্দা নজরদারির ভিত্তিতে গতকাল রাতে আমাদের থানার একটি দল বরিশাল কোতোয়ালি থানার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। আজ তাকে আদালতে পাঠানো হচ্ছে।
তিনি বলেন, গ্রেপ্তার মাহাদি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। এরপর সে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াত। তাকে গ্রেপ্তারের পর আমরা জানতে পেরেছি, ঢাকার কল্যাণপুরে তার মামার বাসা। বরিশাল থেকে এসে এখানে সে থাকত। আর ধানমন্ডি লেক ও এর আশপাশে ঘুরে বেড়াত। এই এলাকায় তার ফ্রেন্ড সার্কেল আছে। তাদের নিয়ে লেকে আসা বিভিন্ন মেয়েদের সঙ্গে সখ্য গড়ে তুলত বলে স্বীকার করেছে। এ ছাড়া একবার লেক থেকে সাইকেল চুরি করতে গিয়ে ধরা পরেছিল বলেও জানতে পেরেছি।
গত মঙ্গলবার এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেন।
/মাকসুদ/এসবি/