দায়িত্ব নিলেন র্যাবের নতুন মহাপরিচালক
এ কে এম শহিদুর রহমান
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১১তম মহাপরিচালক হিসেবে বৃহস্পতিবার (৮ আগস্ট) দায়িত্বভার গ্রহণ করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান।
এ কে এম শহিদুর রহমান ১৯৯১ সালে বিসিএস ১২তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগ দেন। দীর্ঘ চাকরিজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ কে এম শহিদুর রহমান পুলিশ সুপার হিসেবে নোয়াখালী, বাগেরহাট, শরীয়তপুর জেলা এবং উপ-কমিশনার হিসেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ডিআইজি হিসেবে পুলিশ হেড কোয়ার্টার্স এবং পুলিশ টেলিকমে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান এবং অনন্য সেবাদানের স্বীকৃতি হিসেবে তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হন।
এ কে এম শহিদুর রহমান বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে বেসিক মিলিটারি ট্রেনিং কোর্স (বিএমটিসি), বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, ঢাকা থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সম্পন্ন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে এমএসএস ইন এসডি সম্পন্ন করেন এ কে এম শহিদুর রহমান। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন কোর্স সম্পন্ন করেন।
মাকসুদ/রফিক
কুষ্টিয়ায় আস্তানায় হামলা-আগুন, কথিত পীর নিহত