ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এসবির পরিদর্শক মামুন হত্যা মামলায় রায়ের তারিখ ফের পেছাল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১৮ মার্চ ২০২৫  
এসবির পরিদর্শক মামুন হত্যা মামলায় রায়ের তারিখ ফের পেছাল

মামুন ইমরান খান (ফাইল ফটো)

পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় রায়ের তারিখ ফের পেছানো হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে মামলাটি রায় ঘোষণার জন্য ছিল। তবে, রায় প্রস্তুত হয়নি। এজন্য রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ৯ এপ্রিল ধার্য করেছেন আদালত।

মামলার অন্যতম আসামি আরাভ খানের আইনজীবী রুহুল আমিন এ তথ্য জানিয়েছেন।

মামলার অপর আসামিরা হলেন—আরাভ খানের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া (২১), মামুন ইমরান খানের বন্ধু রহমত উল্লাহ (৩৫), স্বপন সরকার (৩৯), দিদার পাঠান (২১), মিজান শেখ (২১), আতিক হাসান (২১) এবং সারোয়ার হোসেন (২৩)।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ ৫ মার্চ ঠিক করেন। তবে, সেদিন রায় প্রস্তুত না হওয়ায় রায় ঘোষণার তারিখ পিছিয়ে ১৮ মার্চ করা হয়। 

২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের জঙ্গল থেকে মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক শেখ মাহবুবুর রহমান ২০১৯ সালের ৮ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২১ সালের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। মামলায় ৩৮ সাক্ষীর মধ্যে ২৬ জন সাক্ষ্য দেন।

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়