কলাবাগানে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা আহত
ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
রাজধানীর কলাবাগানে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ শফিকুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে জুতার মার্কেটের সামনে হামলার শিকার হন তিনি।
শফিকুর কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক।
আহতকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া শাহপরান জানান, শফিকুর জুতা ব্যাবসায়ী, পাশাপাশি বিএনপির রাজনীতি করেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে জুতার মার্কেটের সামনে দুর্বৃত্তরা শফিকুরকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার বাম হাতের তালুতে বিদ্ধ হয়। প্রথমে তাকে কমফোর্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
তিনি আরো জানান, শফিকুর কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক। তার বাড়ি কুমিল্লার বুড়িচং থানার সিদলাই গ্রামে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “কলাবাগানে দুর্বৃত্তের গুলিতে শফিকুর রহমান নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন। কলাবাগান থানা বিষয়টি অবগত আছেন।”
ঢাকা/বুলবুল/মাসুদ