পায়ের ওপর পা তুলে বসলে স্নায়ুর ক্ষতি হয়? এই ধারণা কতটা সত্য
লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
অনেকেই এক পা আরেক পায়ের ওপর তুলে বসতে পছন্দ করেন। ১৯৮০-এর দশকে ব্রিটিশ কৌতুক অভিনেতা কেনি এভারেট এই ভঙ্গিকে নিজের স্বাক্ষরধর্মী ভঙ্গিতে পরিণত করেছিলেন। পা তুলে বসার ফলে রক্তচাপ বেড়ে যাওয়া, ভেরিকোজ ভেইন (শিরা ফোলা) বা স্নায়ুর ক্ষতি হতে পারে—এমন কিছু দাবি প্রচলিত আছে। কিন্তু এগুলো কি সত্যি?
দীর্ঘ সময় এক পা আরেক পায়ের ওপর তুলে বসলে এসব সমস্যা হতে পারে—এমন ধারণা আছে, তবে প্রতিটি বিষয়ই আলাদা করে বিশ্লেষণ করা দরকার।
একই ভঙ্গিতে দীর্ঘ সময় বসে থাকলে পা বা পায়ের পাতা অবশ হয়ে যেতে পারে—এটি সত্য। এর কারণ হলো, পা ক্রস করে বসলে হাঁটুর পেছনে থাকা পেরোনিয়াল নার্ভ-এর ওপর চাপ পড়ে, যা পায়ের নিচের অংশ ও পায়ের পাতায় অনুভূতি সরবরাহ করে। ফলে “ঝিনঝিনি” বা অবশ ভাব অনুভূত হতে পারে। তবে এই অনুভূতি সাধারণত সাময়িক।
তবে অনেক, অনেক ঘণ্টা একই ভঙ্গিতে বসে থাকলে পেরোনিয়াল নার্ভ পালসি নামের একটি সমস্যা হতে পারে, যার ফলে “ফুট ড্রপ” দেখা দেয়—অর্থাৎ পায়ের সামনের অংশ বা আঙুল তুলতে সমস্যা হয়। তবে দক্ষিণ কোরিয়ার একটি গবেষণায় রোগীদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চেয়ারে বসে এক পা আরেক পায়ের ওপর তুলে রাখাকে প্রধান কারণ হিসেবে পাওয়া যায়নি। বরং মেঝেতে দীর্ঘ সময় পা গুটিয়ে বসার সঙ্গে এই সমস্যার বেশি সম্পর্ক পাওয়া গেছে।
বাস্তবে, পা ক্রস করে বসার ফলে দীর্ঘমেয়াদি অবশ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ অস্বস্তি অনুভব করলেই আমরা স্বাভাবিকভাবেই ভঙ্গি পরিবর্তন করি।
রক্তচাপের ওপর প্রভাব
রক্তচাপ মাপার সময় ডাক্তার বা নার্স সাধারণত বলেন পা সোজা করে মাটিতে রাখতে। কারণ, পা ক্রস করে বসলে সাময়িকভাবে রক্তচাপ বেড়ে যেতে পারে।
২০১০ সালের মধ্যে সাতটি গবেষণায় দেখা গেছে, পা ক্রস করলে রক্তচাপ কিছুটা বাড়ে। যদিও আরেকটি গবেষণায় এর তেমন প্রভাব পাওয়া যায়নি। তবে বেশিরভাগ গবেষণাই ছোট পরিসরের ছিল এবং একবারই রক্তচাপ মাপা হয়েছিল। ইস্তাম্বুলের একটি হাইপারটেনশন ক্লিনিকে বড় একটি গবেষণায় দেখা যায়— পা ক্রস করে বসলে রক্তচাপ বাড়ে এবং কিন্তু পা সোজা করার মাত্র ৩ মিনিট পর আবার আগের অবস্থায় ফিরে আসে । বিশেষ করে যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ আছে, তাদের ক্ষেত্রে এই বৃদ্ধি বেশি দেখা যায়।
কেন রক্তচাপ বাড়ে?
এক পা অন্য পায়ের ওপর রাখলে পা থেকে রক্ত বুকের দিকে বেশি উঠে আসে, ফলে হৃদপিণ্ড থেকে বেশি রক্ত পাম্প হয় এবং রক্তচাপ বাড়ে।
নেদারল্যান্ডসের নাইমেখেন শহরের একটি গবেষণায় দেখা গেছে, রক্তনালীর প্রতিরোধ তেমন বাড়ে না, কিন্তু হৃদপিণ্ড থেকে বের হওয়া রক্তের পরিমাণ বাড়ে। অর্থাৎ, পা ক্রস করার ফলে রক্ত উপরের দিকে ঠেলে ওঠে বলেই রক্তচাপ সাময়িকভাবে বৃদ্ধি পায়।
দীর্ঘমেয়াদি ঝুঁকি আছে কি?
পা ক্রস করে বসলে সাময়িকভাবে রক্তচাপ বাড়লেও, দীর্ঘমেয়াদি ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি। তবে একটি ব্যতিক্রম আছে— যাদের রক্ত জমাট বাঁধার (blood clot) ঝুঁকি বেশি, তাদের দীর্ঘ সময় পা ক্রস করে বসা উচিত নয়। এতে ডিপ ভেইন থ্রম্বোসিস (DVT)-এর ঝুঁকি বাড়তে পারে।
একটি গবেষণায় দেখা গেছে, যারা দিনে তিন ঘণ্টার বেশি সময় পা ক্রস করে বসেন, তারা সামনে ঝুঁকে বসা এবং কাঁধ গোল হয়ে যাওয়ার প্রবণতায় ভোগেন।
সূত্র: বিবিসি
ঢাকা/লিপি