বাসসের ঘটনাটি দুঃখজনক: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) একটা সরকারি সংস্থা এবং এখানে নিয়োগ এবং নিয়োগ বহাল বা বাতিল এই সমস্ত কিছুরই কিন্তু একটা বিধিবদ্ধ নিয়ম আছে এবং অবশ্যই সরকার সবকিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় বিষয়টিকে দুঃখজনক বলে আখ্যায়িত করেন তিনি।
এর আগে,গতকাল সাংবাদিক ও কর্মচারীদের ‘অনাস্থা’ জ্ঞাপনের পর সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে অফিস থেকে বের হয়ে যেতে হয়। এই ঘটনার সঙ্গে টিভির কয়েকজন রিপোর্টারের চাকরিচ্যুতির প্রসঙ্গে সাংবাদিকদের জবাবে জহির উদ্দিন বলেন, “বাসসে ঘটে যাওয়া যে দুঃখজনক ঘটনা, সেটাও আলাপ-আলোচনার সাপেক্ষে আমরা বিধি-বিধান অনুযায়ী সমাধান বের করব। আর ব্যক্তিগত যে মিডিয়া হাউজে সমস্যা হয়েছে, সম্ভবত এখন টিভিতে। এটাও কেবল শুনেছি। সংশ্লিষ্ট যারা, সংক্ষুব্ধ যে কয়জন এবং এখন টিভির মালিক পক্ষ, আমি উভয়ের সঙ্গে কথা বলে বিষয়টা একটু ভালো করে বুঝে সমঝোতার মধ্যে সমাধান করা যায় কিনা উদ্যোগ নেব।”
এমন মনে করার কারণ নেই যে মব করলেই সবকিছুর সমাধান হয়ে যাবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “আমরা বারবারই বলছি আমরা একটা প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছি এবং অবশ্যই আমরা সাংবিধানিক পদ্ধতির মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছি।”
তিনি বলেন, “আপনারা দেখেছেন জাতীয় সংসদে শপথ অনুষ্ঠান সংক্রান্ত বিষয়েও আমরা কিন্তু সংবিধান নির্দেশিত পথের বাইরে যাইনি। অতএব, দেশ থেকে শুরু করে ক্ষুদ্র প্রতিষ্ঠান যেখানেই যাই না কেন, আমরা চেষ্টা করব সব সময় বিধি-বিধানের মধ্যে যেতে। বিধি-বিধানের বাইরে আমরা কোনো কিছুকেই বাস্তবায়ন করতে দেব না।”
ঢাকা/আসাদ/সাইফ