ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৩০ মার্চ নাটোরের প্রথম স্বাধীনতার যুদ্ধ : প্রথম শহীদ মঙ্গলা

এম এম আরিফুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ২৯ মার্চ ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩০ মার্চ নাটোরের প্রথম স্বাধীনতার যুদ্ধ : প্রথম শহীদ মঙ্গলা

ময়না যুদ্ধে নাটোরের ময়না গ্রামে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ (ছবি : আরিফুল ইসলাম)

নাটোর প্রতিনিধি : ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ শুনে সারাদেশের মতো নাটোরের মানুষরাও পাক-হানাদার বাহিনীকে প্রতিরোধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। পাক সেনাদের সঙ্গে  ৩০ মার্চ নাটোরে মহান স্বাধীনতার প্রথম যুদ্ধ হয়।

 

সেই ৩০ মার্চ পাক-হানাদার বাহিনীর একটি সশস্ত্র দল আটটি গাড়ি বহর নিয়ে ঢাকা থেকে আরিচা ফেরি পার হয়ে নগরবাড়ী ঘাট হয়ে নাটোরের ধানাইদহ-আকন্দ সড়ক দিয়ে লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে যাচ্ছিল।

 

খবর পেয়ে সুগার মিলের কর্মকর্তা কর্মচারীরা মিলের প্রবেশপথে গোপালপুর রেলগেটে ওয়াগন দিয়ে বেরিকেড দেয়। হানাদার বাহিনী বেরিকেড ভাঙতে না পেরে পিছু হটতে শুরু করে। সকাল ৮ টার দিকে আকন্দ সড়কের ইছামতি নদীর ওপর নির্মিত ব্রিজের পশ্চিম দিকে মুক্তিকামী জনগণ রাস্তা কেটে চলাচলের পথ বন্ধ করে দেয়। সেখানে প্রচণ্ড গোলাগুলি শুরু করে দেয় পাকসেনারা।

 

একদিকে নিরস্ত্র গ্রামবাসী আর অন্যদিকে সুশিক্ষিত, সশস্ত্র পাকবাহিনী। পাকসেনাদের গুলিতে নিহত হন বেশ কয়েকজন এলাকাবাসী। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন তারা। সুবিধা করতে না পেরে পাকবাহিনী এলোপাথাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে মেঠো পথ দিয়ে ময়না গ্রামে প্রবেশ করে। এ সময় গ্রামবাসী চারদিক থেকে তাদের ঘিরে ফেলেন। গ্রামের সাধারণ লোকজনের সঙ্গে নাটোর থেকে ইপিআর, আনসার ও ছাত্রলীগ নেতাকর্মীরা দলে দলে যোগ দেয়।

 

দুই পক্ষে শুরু হয় ব্যাপক গোলাগুলি। পাকবাহিনীর সমর্থনে ঢাকা থেকে আসা হেলিকপ্টার থেকে মুক্তিকামী মানুষের ওপর ব্যাপক গুলি বর্ষণ করা হয়। দিনভর যুদ্ধ চলে। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার সঙ্গে সঙ্গে নেমে আসে রাতের অন্ধকার। এ সময় সংঘটিত হয়ে চারদিক থেকে পাকসেনাদের উপর হামলা চালায় স্বাধীনতা প্রত্যাশী সৈনিকরা।

 

এই মুক্তিযুদ্ধে নাটোরের পক্ষে প্রথম শহীদ হন শহরের নীচাবাজার এলাকার মঙ্গলা সাহা নামের এক যুবক। এ ছাড়াও ময়না গ্রামের ১৫ জনসহ শহীদ হন আরো ৩০ জন। এই যুদ্ধে মুক্তিকামী বাঙ্গালীদের হাতে নিহত হয় সেনাকর্মকর্তাসহ পাকবাহিনীর আট সদস্য। নাটোরে এটাই প্রথম স্বাধীনতা যুদ্ধ যা ময়নার যুদ্ধ নামে আজো পরিচিত।




রাইজিংবিডি/নাটোর/৩০ মার্চ ২০১৫/এম এম আরিফুল ইসলাম/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়