ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদ কার্ড আর ফুলে পুলিশের শুভেচ্ছা

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ১০ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদ কার্ড আর ফুলে পুলিশের শুভেচ্ছা

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিভিন্ন সময়ে অন্যায়ের বিরুদ্ধে পুলিশের রুদ্র পদক্ষেপ যেমন দেখা গেছে, তেমনি মানবতার পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে সরকারের এই বাহিনী। অন্য দশটি মানুষের মতোই তাদের আছে আবেগ, অনুভূতি আর ভালোবাসা। সেই ভালোবাসা থেকে দায়িত্ব পালনের সাথে ঈদের শুভেচ্ছা ভাগাভাগি করতে ভোলেননি পুলিশ বাহিনী।

শনিবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ট্রাফিক উত্তর বিভাগের মহাখালী ট্রাফিক জোনের পক্ষ থেকে রজনীগন্ধা ফুল আর কার্ড বাড়ি ফেরা যাত্রীদের হাতে তুলে দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। পুলিশের এমন শুভেচ্ছা পেয়ে অন্যরকম ভালোবাসার অনুভূতি পেয়েছেন যাত্রীরা। তারা বলছেন, তারা পুলিশকে এমন সব ভালো কাজে সব সময় পাশে চান।     

ঈদ শুভেচ্ছা জানানো নিয়ে ট্রাফিক উত্তর বিভাগের মহাখালী ট্রাফিক জোনের ডিসি প্রবীল কুমার রায় রাইজিংবিডিকে বলেন, ‘দুইদিন পর ঈদুল আজহা। ঈদ মানে আনন্দ। সেই আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের এই আয়োজন। আমরা যেমন রাস্তায় ভালো কাজ করে মানুষকে আনন্দ দেয়ার চেষ্টা করি, তেমনি পবিত্র ঈদে এই কার্ড ও ফুল দিয়ে আনন্দ শেয়ার করার চেষ্টা করছি। প্রতিবারই আমরা ফুল ও কার্ড দিয়ে এভাবে শুভেচ্ছা জানাই ট্রাফিক বিভাগের পক্ষ থেকে।’

এদিকে পুলিশের পক্ষ থেকে এমন শুভেচ্ছা পেয়ে খুশি সাধারণ মানুষ। নেত্রকোনা যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে যখন কাউন্টারে টিকিট কাটার অপেক্ষা করছিলেন কবির খান, তখন ডিসি প্রবীর কুমার রায় তার হাতে দিয়ে এগিয়ে দেন ফুল আর কার্ড। পুলিশের এমন শুভেচ্ছায় সিক্ত হয়ে কবির ধন্যবাদ জানান পুলিশের এই কর্মকর্তাকে।

পরে রাইজিংবিডির কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কবির বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী আছে বলেই আমরা নিরাপদে-নিরাপত্তায় বাড়ি ফিরতে পারি। তাদেরও পরিবার আছে, পরিজন আছে। সেসব ফেলে তারা আমাদের জন্য রাস্তায়-রাস্তায় কাজ করছে। এটা অনেক বড় ত্যাগ।’

তিনি আরো বলেন, ‘অনেক দুর্নামের মধ্যেও তাদের ভালো কাজের সংখ্যা কম নেই। আমরা ভালোটা গ্রহন করতে চাই। আমরা আমাদের পুলিশ বাহিনীকে নিয়ে যেন গর্ব করতে পারি। ভালো থাকুক আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্য। তাদেরকেও ঈদ শুভেচ্ছা।’ 


রাইজিংবিডি/ঢাকা/১০ আগস্ট ২০১৯/রেজা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়