ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আগামীতে বের হলে সঙ্গে থাকবে ম্যাজিস্ট্রেট-বুল্ডোজার: আতিক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ৩০ আগস্ট ২০২০   আপডেট: ০৪:৩২, ৩১ আগস্ট ২০২০
আগামীতে বের হলে সঙ্গে থাকবে ম্যাজিস্ট্রেট-বুল্ডোজার: আতিক

রোববার নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মেয়র আতিকুল ইসলাম (ছবি: রাইজিংবিডি)

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আগামীতে পরিদর্শনে বের হলে সঙ্গে ম্যাজিস্ট্রেট ও ট্রাক, লোডার, বুল্ডোজার থাকবে।

তিনি বলেন, সড়ক ও ফুটপাতের ওপর নির্মাণসামগ্রী, দোকান বা অন্যকিছু পেলে সেগুলো সঙ্গে সঙ্গে নিলামে বিক্রয় করা হবে। ৭ সেপ্টেম্বর থেকে এ অভিযান শুরু হবে।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর কালশীতে নগরীর বিভিন্ন সমস্যা সমাধানকল্পে পরিদর্শনে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, আপনারা দেখেছেন সুন্দর ফুটপাতের ওপর নির্মাণসামগ্রী রেখে তা নষ্ট করছে। এই শহরে এগুলো বরদাশত করা হবে না। ১ অক্টোবর থেকে আমরা ঝুলন্ত তারের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজস্বের আওতা বাড়ানোর জন্য অভিযান শুরু হবে। আমরা বাড়ি-বাড়ি গিয়ে যারা ট্যাক্সের আওতায় আসেনি, তাদেরকে ট্যাক্সের আওতায় আনার ব্যবস্থা নেব। আমরা আজ শুরু করলাম, এটি চলমান থাকবে।

জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে মেয়র বলেন, কালশীতে এক সময় অনেক জলাবদ্ধতা হতো, এখন আর সেরকম নেই। একইভাবে বনানী এয়ারপোর্ট রোডের জলাবদ্ধতাও নিরসন করা হয়েছে। আশকোনায় নতুন খাল খনন করা হয়েছে। মেট্রোরেল প্রজেক্টের কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনেরও ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

পরিদর্শনকালে মেয়র আতিকুল ইসলাম মিরপুরের কিছু রাস্তার উন্নয়নকাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। মিরপুর থেকে মগবাজার যাওয়ার পথে কচুক্ষেতে রাস্তার ওপর ময়লার ভাগাড় দেখে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মগবাজার রেল ক্রসিংয়ের কাছে প্রধান সড়কে ফ্লাইওভারের নিচে রাখা ময়লার কন্টেইনারগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। সেখানে একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ করার জন্য রাজউক ও হাতিরঝিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

এরপর গুলশান-১ ও গুলশান-২ এর মাঝে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক সামনের ফুটপাথ দখল করে রাখা নির্মাণ সামগ্রী দেখে গাড়ি থামিয়ে নেমে পড়েন মেয়র। এ সময় কাউকে না পাওয়ায় বালু জব্দ করা হয়।

পরিদর্শনকালে ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর সাইদুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া উপস্থিত ছিলেন।

সাওন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়