উপসচিব বদরুন নাহারের মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শোক
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিদ্যুৎ বিভাগের উপসচিব বদরুন নাহারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
রোববার (৩১ অক্টোবর) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, বদরুন নাহার ছিলেন একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। তার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক কর্মকর্তাকে হারাল।
প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বদরুন নাহারের মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজমও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বদরুন নাহার ক্যান্সার আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে এপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২৯ অক্টোবর (শুক্রবার) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। আগামীকাল (সোমবার) সকাল ১০টায় সচিবালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
নঈমুদ্দীন/কেআই