সকালের তথ্য বিকেলে দিলে হবে না: পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে উদ্দেশ্য করে বলেছেন, ‘তথ্য নিয়মিত দিতে হবে। সকালের ডাটা বিকেলে দিলে হবে না।’
রোববার (২৭ ফেব্রুয়ারি) নগরীর পরিসংখ্যান ভবনের মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এম এ মান্নান বলেন, ‘দিনদিন বিবিএস-এর গুরুত্ব বাড়ছে। পরবর্তী ডাটাই বড় দানব। দানব সম্পদও দিতে পারে হত্যাও করতে পারে। যদিও জনশুমারি সঠিক সময়ে করতে পারিনি সেন্সাস নিয়ে সমস্যায় পড়েছি। তবে উদ্দেশ্য আমাদের সৎ। প্রধানমন্ত্রীকে আমি অবহিত করেছি। আশা করি মার্চ ও এপ্রিল মাসে জনশুমারি নিয়ে আশার আলো দেখবো।’
তিনি আরো বলেন, ‘রাশিয়া-চীন কয়টা ইংরেজি ভাষায় কথা বলে। ইংরেজি ভাষায় কথা না বলেও পিছিয়ে নেই তারা। তাহলে কেন আমরা বাংলা ভাষায় কথা বলে এগিয়ে যাবো না।
মন্ত্রী বলেন, ‘ভাষার ব্যবহার বাংলায় হতে হবে। জাপান, রাশিয়া, চীন কয়টা বাংলা বলে। ইংরেজি ভাষায় কথা না বলেও পাহাড় সমুদ্রসহ পৃথিবীর সব কিছু জয় করছে তারা। কেউ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ইংরেজি ছাড়া চলে না। ইংরেজি ভাষায় ৭০ ভাগ শব্দ ল্যাটিন। ইংরেজি ভাষা পরের উপর নির্ভরশীল। আমরা চাপ অব্যাহত রাখবো বাংলা প্রচলনে। নিজেকে বাঙালি বলতে লজ্জা কি?
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
ঢাকা/ হাসিবুল/ মাসুদ