ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রধানমন্ত্রীর দিল্লি সফরে নেই পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ৫ সেপ্টেম্বর ২০২২  
প্রধানমন্ত্রীর দিল্লি সফরে নেই পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এ সফরে থাকার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের। তবে শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ড. মোমেনের দিল্লি সফর চূড়ান্ত ছিল। রোববার (৪ সেপ্টেম্বর) ড. মোমেন নিজেও জানিয়েছিলেন তিনি দিল্লি যাচ্ছেন। তবে আজ অসুস্থ হওয়ায় দিল্লি সফরে যেতে পারেননি তিনি।

আরো পড়ুন:

এদিকে, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটটি দুপুর ১২টায় (বাংলাদেশ সময়) নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

নয়াদিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান অভ্যর্থনা জানাবেন।

শেখ হাসিনার সম্মানে বিমানবন্দরে একটি লাল গালিচা বিছানো হবে। এ সময় সেখানে ৬-৭ সদস্যের একটি সাংস্কৃতিক দল স্বাগত নৃত্য পরিবেশন করবে এবং বাদ্যযন্ত্র বাজানো হবে।

প্রধানমন্ত্রীর এই সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরকালে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং উপ-রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন। করোনাভাইরাস মহামারি প্রাদুর্ভাবের আগে ২০১৯ সালে তার সর্বশেষ সফরের পর চার দিনের এই ভারত সফরের সময় বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী এর আগে ২০১৯ সালের অক্টোবরে ভারত সফর করেন। করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল সামিটে অংশ নেন তিনি।

২০২১ সালে ভারতের সে সময়কার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  মুজিববর্ষের আয়োজনে যোগ দিতে বাংলাদেশ সফর করেন।

/হাসান/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়